আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে অবশেষে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে চলেছেন শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানা। শনিবার গভীর রাতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে একটিও জয় না পাওয়া তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরের জন্য যা বড় স্বস্তির খবর।

সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেটের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পেয়েছেন পাথিরানা। ফলে আইপিএলে খেলার অনুমতি মিলেছে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে চোট পান তিনি এবং দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন।

বর্তমানে ভারতের উদ্দেশে রওনা দেওয়া পাথিরানা রবিবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। রাজস্থান রয়্যালসের নেতৃত্বে রয়েছেন রিয়ান পরাগ।

তবে দল সূত্রে খবর, চোট সারিয়ে ফিরলেও পাথিরানাকে তড়িঘড়ি প্রথম একাদশে নামানো হবে না। প্রথমে দলের মেডিক্যাল স্টাফ তাঁর ফিটনেস পরীক্ষা করবেন এবং কয়েকটি অনুশীলন সেশনের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, পাথিরানার আগে থেকেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার কথা ছিল। বিশেষ করে ১৭ এপ্রিল আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে। তবে চোটের কারণে তা সম্ভব হয়নি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে চোট পাওয়ার কারণে পাথিরানার এনওসি আটকে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দুর্দান্ত ছন্দে বোলিং করলেও কাফ ইনজুরির জন্য তাঁকে মাঝপথেই ছিটকে যেতে হয়। তবে এখন এনওসি মেলায় ধরে নেওয়া হচ্ছে, তিনি পুরোপুরি ফিট এবং কেকেআরের হয়ে মাঠে নামতে প্রস্তুত।

নিলামে ১৮ কোটি টাকায় কেকেআর তাঁকে দলে নিয়েছিল। তাঁকে দলের প্রধান পেসার হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু চোটের কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। পাশাপাশি দলের আরও দুই তারকা পেসার হর্ষিত রানা এবং আকাশ দীপও চোটের কারণে ছিটকে গিয়েছেন আইপিএল থেকে।

অজিঙ্ক রাহানের নেতৃত্বে কেকেআর এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। চার ম্যাচে তিনটি হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে রয়েছে দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও শুরুতে ব্যাট করতে নেমে দু’উইকেট হারিয়ে চাপে ছিল কলকাতা।

এখনও পর্যন্ত কেকেআরের বোলিং বিভাগই সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পেসারদের চোটের পাশাপাশি স্পিন জুটি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনও আগের মতো প্রভাব ফেলতে পারছেন না।

এই পরিস্থিতিতে পাথিরানার যোগদান কেকেআরের পেস আক্রমণে বড় শক্তি জোগাবে। এতদিন জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিকে বিদেশি পেসার হিসেবে ব্যবহার করছিল দল। তাছাড়া, ক্যামেরন গ্রিনও হাত ঘোরানোর ছাড়পত্র পেয়েছেন।

প্রায় ১৫০ কিমি গতিতে নিখুঁত ইয়র্কার করার ক্ষমতা রয়েছে পাথিরানার। আইপিএলে ৩২ ম্যাচে ৪৭টি উইকেট নিয়েছেন তিনি। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন শ্রীলঙ্কান তারকা। ২০২৩ সালে ১২ ম্যাচে ১৯টি উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।