আজকাল ওয়েবডেস্ক: ইডেনে লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের টস হয়ে গেল। এদিন হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল লখনউ সুপার জায়ান্টস।

লখনউয়ের দলে কোনও পরিবর্তন নেই। কেকেআর দলে একটি পরিবর্তন হয়েছে বলে জানালেন রাহানে। তিনি জানান, ব্লেসিং মুজারাবানির জায়গায় দলে ফিরেছেন সুনীল নারিন। বরুণ চক্রবর্তী এখনও সুস্থ হননি।

রাহানে আরও জানান, গ্রিনকেও বল করতে দেখা যেতে পারে, তিনি ফিট রয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবারও কলকাতায় বৃষ্টি অব্যাহত। এদিকে, ইডেনে রয়েছে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ। কলকাতা বনাম লখনউ।

গত সোমবার কলকাতা–পাঞ্জাব ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দু’‌দলই পেয়েছিল এক পয়েন্ট করে। বুধবার বৃষ্টির জন্য ইডেনে অনুশীলন করতে পারেনি দু’‌দল। এখন প্রশ্ন বৃহস্পতিবারের খেলা হওয়া নিয়ে।

এটা অবশ্যই কলকাতার একটা চিন্তার জায়গা। তিন ম্যাচ হয়ে গিয়েছে। এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। গত সোমবার থেকে প্রতিদিন বিকেল অথবা সন্ধে থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়।

সোমবারের ম্যাচ বাতিল ছাড়াও মঙ্গল এবং বুধবার কলকাতার অনুশীলন মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে বৃষ্টির কারণে। বৃহস্পতিবারও বৃষ্টি চলছে। সকাল থেকে। তবে হাওয়া অফিস জানিয়েছে, বিকেলের দিকে বৃষ্টির প্রকোপ কমবে।

তবে ম্যাচের মাঝে ফের বৃষ্টি হতে পারে। তাই ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা তো আছেই। কিংবা হলেও ওভার সংখ্যা কমে যেতে পারে। যা অবস্থা তাতে পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।

কিছুটা ব্যাকফুটে থেকেই শুরু করবেন অজিঙ্ক রাহানেরা। বৃষ্টির জন্য পাঞ্জাব কিংস ম্যাচ ড্র হওয়ায় এক পয়েন্ট পেয়েছে কেকেআর। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় লখনউ। দুর্দান্ত ছন্দে ছিলেন সামি। তাই কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে এলএসজি।

এদিন স্পটলাইট থাকবে মহম্মদ সামির দিকে। মাত্র ৯ রানে জোড়া উইকেট তুলে নেন। তাও আবার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার। ইডেনের পিচ থেকে শুরুতে কিছুটা সাহায্য পায় পেসাররা।

সামির সিম মুভমেন্ট কেকেআরের টপ অর্ডারকে সমস্যায় ফেলতে পারে। বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল পাঞ্জাব ম্যাচ। মাত্র ১৬ রানে ২ উইকেট হারায় নাইটরা। এদিনও আবহাওয়া সমস্যায় ফেলতে পারে।

সামি ছাড়াও প্রিন্স যাদব এবং রহস্য স্পিনার দিগভেশ রাঠির দিকে নজর থাকবে। পাওয়ার প্লেতে দু'জনেই দুরন্ত। দু'বার বিপক্ষের চার উইকেট তুলে নেয়। অন্যদিকে কেকেআরের ব্যাটিং নিয়ে সমস্যা রয়েছে।

এখনও ছন্দে নেই অজিঙ্ক রাহানে এবং ফিন অ্যালেনের জুটি। বল হাতে সুনীল নারিনের ফর্মও চিন্তায় রাখবে। আগের ম্যাচে দু'জনকে বাদ দেওয়া হয়েছিল। সম্ভবত আগের পাঞ্জাব ম্যাচের পিচেই খেলা হবে।

সম্প্রতি ইডেনের উইকেট ব্যাটারদের সাহায্য করে। কিন্তু আবহাওয়া বিশেষ ভূমিকা নিতে পারে। সকাল থেকেই আকাশ মেঘলা। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই বুধবার এবং বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ম্যাচের দিন সকালে হলুদ অ্যালার্ট জারি ছিল। সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে আশার আলো হল, রাতের দিকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।