আজকাল ওয়েবডেস্ক: পাঁচ রাজ্যে ভোট ঘোষণার কিছুদিনের মধ্যেই আইপিএলের সম্পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রথমে ২০টি ম্যাচের সূচি প্রকাশ করা হলেও, এবার পুরো লিগ পর্বের ভেন্যু ও ম্যাচ তালিকা নিশ্চিত করা হয়েছে।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচির জন্য অপেক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামী ২৮ মার্চ আসন্ন আইপিএলের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।
টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৩ এপ্রিল। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে হায়দরাবাদে সানরাইজার্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। লিগ পর্বের শেষ ম্যাচ ২৪ মে কলকাতায় নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে অনুষ্ঠিত হবে।
জানানো হয়েছে, ডবল হেডারের ক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে ৩.৩০ থেকে। একটি করে খেলা থাকলে ৭.৩০ থেকে ম্যাচ শুরু হবে। মোট ১২ দিন ডবল হেডার রাখা হয়েছে বিসিসিআইয়ের সূচিতে।
বিসিসিআই আরও জানিয়েছে, প্লে-অফ ও ফাইনালের ভেন্যু এবং দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এবারের আইপিএলে মোট ১৩টি ভেন্যুতে ৭০টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে।
গুয়াহাটি, রায়পুর ও ধর্মশালা অতিরিক্ত ভেন্যু হিসেবে রাখা হয়েছে। রাজস্থান রয়্যালস তাদের সাতটি হোম ম্যাচের মধ্যে তিনটি গুয়াহাটিতে খেলবে। পাঞ্জাব কিংস ধর্মশালায় তিনটি ম্যাচ খেলবে এবং বাকি চারটি হোম ম্যাচ হবে মুল্লানপুরে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এবার প্রথমবারের মতো তাদের সব হোম ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে না। তারা রায়পুরে দুটি ম্যাচ খেলবে বলে জানানো হয়েছে। ১০ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং ১৩ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে হবে না আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। শুধু সেখানেই নয়, এবার বাদ দেওয়া হচ্ছে কোটিপতি লিগের ওপেনিং সেরেমনি। গতবছর চিন্নস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জন মৃতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না।
সুতরাং, শনিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে কোনও সেলিব্রেশন হবে না। তবে বিসিসিআই এবং আইপিএলের গভার্নিং কাউন্সিল গ্র্যান্ড ক্লোজিং অনুষ্ঠান করতে চাইছে। ৩১ মে ফাইনালের আগে এই অনুষ্ঠান হবে।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, 'গতবছর ৪ জুনের মর্মান্তিক ঘটনার জন্য এবার আইপিএলের কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না। পদপিষ্টের ঘটনায় মৃত ১১ জনকে শ্রদ্ধা জানাতে বিসিসিআই এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে না। তবে বোর্ড এবং আইপিএল গভার্নিং কাউন্সিল জমকালো ক্লোজিং অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে।'
গতবছর কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান হয়। হাজির ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিং খান। পারফর্ম করেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, করণ আউজলা।
পুলওয়ামা অ্যাটাকের পর আইপিএলের ১২তম সংস্করণে ওপেনিং সেরেমনি হয়নি। সেই অর্থ জঙ্গিহানায় নিহত ৪০জন সিআরপিএফ জওয়ানদের পরিবারকে দেওয়া হয়। এবারও বন্ধ রাখা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।















