আজকাল ওয়েবডেস্ক: সমালোচনা আর ট্রোলিংয়ের ঝড়ের মাঝেই ব্যাট হাতে জবাব দিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। 

ফিনিশার রিঙ্কু দলকে এনে দেন রুদ্ধশ্বাস জয়। সেই সঙ্গে ফর্মে ফেরার বার্তাও দেন তিনি। রিঙ্কু বিস্ফোরণের পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের একহাত নিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা আকাশ চোপড়া। রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন তিনি। 

একসময়ে ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল কেকেআর। 

সেখান থেকে রিঙ্কু ও অনুকূল ৭৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে জেতান। 

ম্যাচের শেষে ইউটিউব শো-তে আকাশ চোপড়া বলেন, ''রিঙ্কুকে নিয়ে যা বলা হচ্ছিল, তা যুক্তিহীন। কেউ বলছেন, গরীব থাকতেই ভাল খেলত। এই ধরনের মন্তব্য লজ্জাজনক।'' 

আকাশ চোপড়ার মতে, ভারতীয় ক্রিকেটে এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে যেখানে খেলোয়াড়দের লড়াইকে রোম্যান্টিসাইজ করা হয়, কিন্তু সাফল্যের পর সামান্য ব্যর্থতাতেই তাঁকে আক্রমণ করা হয়।

উল্লেখ্য, চলতি মরশুমের প্রথম পাঁচ ম্যাচে বড় রান করতে পারেননি রিঙ্কু। তাঁকে নিয়ে চলছিল সমালোচনা। চলছিল ট্রোলিং। চোপড়া সেই সমস্ত সমালোচকদের মনে করিয়ে দেন, ''কিছুদিন আগেই রিঙ্কু বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ছিল। কয়েকটা ম্যাচ খারাপ খেললে তাঁকে অকেজো, অযোগ্য বলা যায় না।'' 

অন্যদিকে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেও রিঙ্কুর পাশে দাঁড়ান। তিনি বলেন, ''রিঙ্কু মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। আজ ও যেভাবে ম্যাচ শেষ করেছে, তা দেখে খুব ভাল লাগছে।'' 

টি-টোয়েন্টি ক্রিকেটে ফিনিশারের ভূমিকা যে কতটা কঠিন, তা আবারও প্রমাণ করলেন রিঙ্কু। 

কম বল, বেশি চাপ, এমন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ম্যাচ জেতানোই ফিনিশারের বিশেষত্ব। ইডেনে সেই পুরনো রিঙ্কুকেই ফিরে পেল ক্রিকেটপ্রেমীরা। রিঙ্কু তাঁর পুরনো মেজাজে ফিরতেই কেকেআর মরশুমের প্রথম জয় পেল।