আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সে ফিরে এলেন ভুবনজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বর্ডার।
কিছু কিছু ফিরে আসা কেবল ফেরা নয়। সময়ের ভাঁজে লুকিয়ে থাকা গল্পরা স্মৃতির দরজায় কড়া নেড়ে যায়। নিঃশব্দেই যেন তুলে ধরে পুরনো দিনের কথা।
অ্যালান বর্ডার ইডেনে। আইপিএলে প্রথমবার তিনি। তাও আবার কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস লড়াইয়ে। কলকাতা নাইট রাইডার্স হতশ্রী পারফরম্যান্স তুলে ধরেছে। এখনও ম্যাচ জেতেনি। অন্যদিকে রাজস্থান রয়্যালসের দিকে সবার নজর কেবল একজনের জন্যই। তিনি বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সেই তিনি দেশের শ্বাসপ্রশ্বাসে। তাঁকে দেখার জন্য মাঠে ভিড় জমান দর্শকরা। আজ তাঁকেও সামনে থেকে দেখবেন অ্যালান বর্ডার।
ইডেনের কংক্রিটের গ্যালারিতে দর্শকদের ঢেউ, উল্লাস, ক্রমাগত চিয়ার নিশ্চয় অ্যালান বর্ডারকে নিয়ে যাবে ১৯৮৭ সালের সেই দিনে।
একদিন ক্রিকেটের নন্দনকাননে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ হাতে তুলেছিলেন বর্ডার। ভারত ফাইনালে না থাকলেও কলকাতার দর্শক হৃদয় উজাড় করে দিয়েছিল দুই দেশের দিকে। শেষমেশ ৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।
সেই দিন ছিল উল্লাসের, গর্জনের, বিজয়ের।
আজকের দিন আবার সম্পূর্ণ অন্যরকম। অনেকেই হয়ে পড়ছিলেন নস্ট্যালজিক। বর্ডার নিজেও কি হয়ে পড়েননি নস্ট্যালজিক।
এদিকে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। পরে ব্যাট করবে কলকাতা। দেখার একটাই, কলকাতা প্রথম জয় ছিনিয়ে নিতে পারে কিনা।
পারকিনসন্সের কাঁপন এখন বর্ডারের শরীরে বাসা বেঁধেছে। দশ বছর আগে প্রথম স্নায়ুর অচেনা সুর বেজে উঠেছিল তাঁর জীবনে।
২০১৬ সালের পর থেকে ধীরে ধীরে তাঁর হাত যেন নিজের ভাষা ভুলতে শুরু করে, শক্তি ক্রমশ ক্ষয়ে যায়, মুঠো আলগা হয়ে আসে।
সেই বর্ডার ইডেনে বেল বাজিয়ে খেলা শুরু করেন। এটা কি শুধু খেলার শুরু?
এক যুগের সঙ্গে আরেক যুগের আলাপ বললেও অত্যুক্তি করা হবে না।
যে হাত একদিন ইতিহাস লিখেছিল, আজ সেই হাতই ম্যাচের শুভারম্ভ ঘোষণা করল। বর্ডার ফিরে এলেন তাঁর পয়মন্ত মাঠে। ফিরে এল তাঁর ফেলে আসা ভুবনজয়ের গল্প।















