আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ কেকেআরের দল নির্বাচন ও ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলে দিলেন।
১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে রান তাড়া করার সময়ে ক্যামেরন গ্রিনকে ছ'নম্বরে নামানোর সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন।
ফিঞ্চের মতে, ডাগআউটে শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো এবং টিম সাউদির মতো অভিজ্ঞ ক্রিকেটার কোচিং স্টাফের দায়িত্বে থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নেওয়া আশ্চর্যজনক।
বিশেষ করে, দুই স্পিনার আকিল হোসেন ও নূর আহমেদ বল করার সময়ে গ্রিনকে নামানোর সিদ্ধান্তকে ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেন ফিঞ্চ।
ম্যাচে গ্রিন মাত্র এক বল খেলেই আউট হয়ে যান। নূর আহমদের বলে গোল্ডেন ডাক হওয়া এই অলরাউন্ডারের সাম্প্রতিক ফর্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ফিঞ্চ। দামি খেলোয়াড় বলেই তাঁকে দলে রাখতে হবে, এমন কোনও অর্থ নেই বলে মনে করেন ফিঞ্চ। তাঁর কথায়, নিলামে খেলোয়াড়ের দাম নির্ধারিত হয় চাহিদা ও দক্ষতার ভিত্তিতে, কিন্তু সেই মূল্য দেখে দল গঠন করা বুদ্ধিমানের কাজ নয়। গ্রিনকে তাঁর স্বাভাবিক ওপেনিং পজিশনের বাইরে খেলানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া, দলে পরিবর্তনের পরামর্শ দিয়ে ফিঞ্চ বলেন, টিম সেইফার্টের মতো ফর্মে থাকা ওপেনারকে সুযোগ দেওয়া উচিত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেইফার্ট ৮ ইনিংসে ৩২৬ রান করেন এবং চারটি অর্ধশতক হাঁকান।
ফিঞ্চ আরও বলেন, সেইফার্টের বৈচিত্র্যময় শট খেলার ক্ষমতা তাঁকে বিপজ্জনক ব্যাটসম্যান করে তুলেছে।
২০২৬ আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। ফিন অ্যালেনের খারাপ ফর্মও দলের চিন্তা বাড়াচ্ছে। তবে পাথিরানা দলে যোগ দিলে পরিস্থিতি বদলাতে পারে বলে মনে করেন ফিঞ্চ।
















