আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে হতশ্রী পরিস্থিতি কেকেআরের।
নাইটদের নিয়ে চলছে চর্চা। মাঠের বাইরেও চলছে আলোড়ন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন দাবি করেছেন, আগামী মরশুমে কেকেআরের প্রধান কোচ হিসেবে আবারও দেখা যেতে পারে ব্রেন্ডন ম্যাকালামকে।
পিটারসেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''ম্যাকালাম আগামী মরশুমে কেকেআরের কোচ হবে। এই টুইটটি বুকমার্ক করে রাখুন।'' তাঁর এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ কোচিং পরিকল্পনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়।
চলতি মরশুমে নাইটদের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। প্রথম ছ'টি ম্যাচে কোনও জয় না পাওয়া দলটি একমাত্র পয়েন্ট পেয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ থেকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারের পরে দলটির দুর্বল পারফরম্যান্স আরও স্পষ্ট হয়ে ওঠে। এর ফলে অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং বর্তমান প্রধান কোচ অভিষেক নায়ারের উপর চাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই সমর্থকদের একটি বড় অংশ পরিবর্তনের দাবি জানাচ্ছে।
এই পরিস্থিতির মধ্যেই পিটারসেনের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক সমর্থক ও বিশ্লেষক আলোচনা করছেন, কেকেআর কি আবারও ম্যাকালামের দিকে ঝুঁকবে?
উল্লেখ্য, ব্রেন্ডন ম্যাকালাম ও কেকেআরের সম্পর্ক বহু পুরনো। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী ম্যাচে তাঁর ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস টুর্নামেন্টের ইতিহাসে এখনও স্মরণীয়। পরে তিনি ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন এবং আক্রমণাত্মক ক্রিকেট দর্শনের ছাপ রাখেন।
যদিও তাঁর আগের কোচিং মেয়াদ পুরোদস্তুর সফল ছিল না, তবে একজন আধুনিক ও প্রভাবশালী কোচ হিসেবে তাঁর সুনাম এখনও অটুট।
ম্যাকালাম ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকলেও, আইপিএল ২০২৭ মরশুমে কেকেআরের কোচ হিসেবে দেখা যেতেই পারে তাঁকে। শেষমেশ কী হয়, সেটাই দেখার।















