আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৭৫ রানে অল আউট দিল্লি। 

৮১ বল বাকি থাকতে আরসিবি ম্যাচ জিতে নেয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি হতশ্রী ভাবে আত্মসমর্পণ করল। দলের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন।

বেঙ্গালুরুর বোলারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে যায় দিল্লির ব্যাটিং লাইনআপ। বিশেষ করে ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজলউড ছিলেন দুর্দান্ত ছন্দে। 

দু'জন মিলেই ধসিয়ে দেন দিল্লির ব্যাটিং লাইন আপ। ভুবির ঝুলিতে তিন-তিনটি উইকেট। হ্যাজলউডের শিকার ৪ দিল্লির ব্যাটার।  
ম্যাচ শেষে হারের হতাশা লুকোতে পারেননি দিল্লির অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তিনি বলেন, কীভাবে এমন বিপর্যয় ঘটল তা তাঁর কাছেও পরিষ্কার নয়। তবে দ্রুত এই হার ভুলে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। 
অক্ষর প্যাটেল বলেন, “আমাদের ইতিবাচক থাকতে হবে। গত ৫-৬ ম্যাচে ভাল দিকও আছে। প্রতিপক্ষের বোলাররা বিশ্বমানের, তারা সব মাঠেই সুইং করায়। কিন্তু আমাদের ওপেনার বা টপ অর্ডার যদি তাদের সামলে খেলতে পারত, তাহলে ফল ভিন্ন হতে পারত।'' 

সব মিলিয়ে ব্যাটিং ব্যর্থতা ও ফিল্ডিং দুর্বলতায় বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে দাপুটে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন। 

প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৯০০০ রানের মাইলফলক অতিক্রম করলেন কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে এই কীর্তি গড়েন কোহলি।

এই ম্যাচে নামার আগে ন'হাজার রানের  মাইলফলক ছুঁতে কোহলির  দরকার ছিল মাত্র ১১ রান। অক্ষর প্যাটেলের বলে একটি সিঙ্গল নিয়ে তিনি রেকর্ডটি স্পর্শ করেন। আইপিএলে সর্বাধিক রানের তালিকায় কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা (৭১৮৩ রান)। 

এরপর যথাক্রমে শিখর ধাওয়ান (৬৭৬৯), ডেভিড ওয়ার্নার (৬৫৬৫) এবং লোকেশ রাহুল (৫৫৭৯) রয়েছেন।