আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং নিয়ে কথা উঠলেই সবার  প্রথমে আসে জশপ্রীত বুমরাহর নাম। কিন্তু গুজরাটের বিরুদ্ধে ম্যাচে আলোচনার কেন্দ্রে উঠে এলেন অশ্বিনী কুমার। 
প্রথম পাঁচ ম্যাচে সুযোগ না পেলেও, শেষ পর্যন্ত গুজরাটের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়ে তিনি বদলে দিলেন ম্যাচের গতিপথ।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে ৪ উইকেট নেন। ২৪ রান খরচ করেন অশ্বিনী। 

তাঁর এই বিধ্বংসী বোলিংয়ে গুজরাটের মিডল অর্ডারে ধস নামে। শুভমন গিল, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান এবং রশিদ খান—সবাই অশ্বিনীর শিকার। 

ম্যাচ শেষে অশ্বিনী জানান, পিচ বুঝে পরিকল্পনা বদল করাই ছিল সাফল্যের মূল চাবিকাঠি। 

তাঁর কথায়, “কালো মাটি দিয়ে পিচ হওয়ায় বল নিচু হয়ে যাচ্ছিল এবং শুরু থেকেই অস্বাভাবিক মুভমেন্ট ছিল। তাই আমরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিয়েছি।''

তিনি আরও জানান, আগে থেকেই ব্যাটসম্যানদের বিশ্লেষণ করা থাকলেও মাঠে নেমে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদল করতে হয়েছে। 

অশ্বিনী বলছেন, ''হার্ড লেন্থ এবং ব্যাক অফ এ লেন্থে বল কার্যকর হচ্ছিল, তাই সেটাই ধরে রেখেছিলাম।'' 

অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে আলোচনার পর শর্ট বল কৌশলও কার্যকরভাবে ব্যবহার করা হয়।

দলের বাইরে বসে থাকার সময় তিনি কাজে লাগিয়েছেন নিজের দক্ষতা বাড়াতে। বিশেষ করে ইয়র্কার এবং সুইং নিয়ে কাজ করেছেন নেটে। পাশাপাশি মানসিকভাবে স্থির থাকতে তিনি নিয়মিত মন্দিরেও গিয়েছেন বলে জানান।

অশ্বিনীর দুর্দান্ত স্পেলের পাশাপাশি তিলক ভার্মার ৪৫ বলে সেঞ্চুরি মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ জেতায়। ২৩ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।