আজকাল ওয়েবডেস্ক: কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারকে। মেগা নিলামে তাঁকে রিটেন করা হয়নি। প্রায় দু'বছর পর সেই ভুলের কথা স্বীকার করলেন চন্দ্রকান্ত পণ্ডিত। স্পষ্ট জানান, 'দুর্ভাগ্যবশত, আমরা ওকে পাইনি।' শ্রেয়সকে যখন ছেড়ে দেওয়া হয়, কেকেআরের হেড কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে তাঁর অনবদ্য পারফরম্যান্সের পর এই আফশোস শোনা গেল নাইটদের প্রাক্তন কোচের মুখে। ২৬.৭৫ কোটিতে পাঞ্জাব তাঁকে কেনার পর দলকে ফাইনালে তোলেন শ্রেয়স। চলতি আইপিএলে ছয় ম্যাচে অপরাজিত পাঞ্জাব। গ্রুপ শীর্ষ রয়েছে। একমাত্র দল হিসেবে অপরাজিত শ্রেয়সরা। কিন্তু নাইটরা আইপিএল জেতার পর চ্যাম্পিয়ন অধিনায়ককে রাখা হয়নি। তাঁর ব্যাখ্যা দিলেন প্রাক্তন কোচ।
চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, 'শ্রেয়স অনবদ্য প্লেয়ার। কেকেআরের অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছে। ও যেভাবে দল পরিচালনা করেছিল, অনবদ্য। কিন্তু কখনও পরিস্থিতি এবং স্ট্র্যাটেজির জন্য এমন প্লেয়ারকে ছেড়ে দিতে বাধ্য হয় দল। অবশ্যই কেকেআরের কোচ হিসেবে আমার খারাপ লেগেছিল। বিষয়টি ইচ্ছাকৃতভাবে হয়নি। কিন্তু আমাদের জন্য ব্যাপারটা কার্যকরী হয়নি। শুধু শ্রেয়সই নয়, ফিল সল্ট এবং বাকিদের ক্ষেত্রেও এমনই হয়েছে।' কেকেআরের ২০২৪ আইপিএল জয়ী দলের অঙ্গ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত।
ভারতের টি-২০ দলে সুযোগ পায় না শ্রেয়স। সেই নিয়েও নিজের মতামত জানান আইপিএল জয়ী কোচ। তিনি মনে করেন, কড়া প্রতিদ্বন্দ্বিতায় জন্য অনেক সময় এমন হয়। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, 'শ্রেয়স ভারতীয় দলের অঙ্গ। ভাল পারফর্ম করেছে। দুর্ভাগ্যবশত, ওকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এমন পরিস্থিতি অসম্ভব নয়। দল গঠনের সময়, অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার মিশ্রণ ঘটানো সহজ নয়। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। তাই অনেক সময় প্রত্যেক যোগ্য প্লেয়ার সুযোগ পায় না। সবসময় কঠিন প্রতিযোগিতা থাকে। একইধরনের পরিবর্ত প্লেয়াররা মজুত থাকে। তবে তাতে শ্রেয়সের কৃতিত্বকে খাটো করা যাবে না। ও পাঞ্জাবকে দারুণ নেতৃত্ব দিচ্ছে। ব্যাটিংও অনেক পরিণত হয়েছে। ভয়ডরহীন মনোভাব নিয়ে খেলে। ম্যাচ জেতার কথা মাথায় রেখে খেলে। ইনিংস সাজানো দেখে সেটা স্পষ্ট বোঝা যায়।' গত দু'বছরে ব্যাটার হিসেবে ধারাবাহিকতার পরিচিত দেন শ্রেয়স। চলতি বছর পাঁচ ইনিংসে ২০৮ রান করেন। গড় ৫২। স্ট্রাইক রেট ১৮২.৪৫। এবার তাঁর হাত ধরে প্রথমবার আইপিএল জেতার স্বপ্ন দেখছে পাঞ্জাব।















