আজকাল ওয়েবডেস্ক: আচমকাই শেষ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক কেরিয়ার। দীর্ঘ বছর পর তার কারণ জানালেন। দুষলেন আইপিএলকে। কেভিন পিটারসেন জানান, কোটিপতি লিগকে বেশি গুরুত্ব দেওয়ায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলা বাঁধে তাঁর। যার ফলে দল থেকে জায়গা হারান। বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্লেয়ারদের আইপিএলে ছাড়তে রাজি ছিল না ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। কিন্তু তোয়াক্কা করেনি পিটারসেন। একটি সাক্ষাৎকারে এমনই জানান ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। পিটারসেন বলেন, 'আমি বড় আত্মত্যাগ করেছি। কেরিয়ার হারিয়েছি। আইপিএলে খেলার জন্য ইংল্যান্ডের অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আমার বিরুদ্ধে চলে যায়। মাত্র ৩৩ বছর বয়েসে আমার আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে যায়। ১০৪ টা টেস্ট ম্যাচ খেলেছি। অন্তত ১৫০-১৬০ টা টেস্ট খেলা উচিত ছিল। ১২০০০-১৩০০০ রান করা উচিত ছিল।'

টেস্টে ৮১৮১ রান করেন। গড় ৪৭.২৮। তারমধ্যে ছিল ২৩টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। আইপিএলে খেলার সিদ্ধান্ত যখন নেন, তখন আন্তর্জাতিক ম্যাচ ছিল ইংল্যান্ডের। এই নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব লাগে। এই ঘটনা ইংলিশ ক্রিকেটে বড়সড় আকার নেয়। তবে কোনও আক্ষেপ নেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। তিনি মনে করেন, তাঁর ঘটনা ভবিষ্যতে ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলে খেলার রাস্তা খুলে দিয়েছে। কোটিপতি লিগে অংশ নিতে পারে ইংল্যান্ডের ক্রিকেটাররা। পিটারসেন বলেন, 'আমি কয়েকদিন আগে জস বাটলারের ইন্টারভিউ নিই। ও আমাকে ধন্যবাদ জানায়। আমি যা আত্মত্যাগ করেছি, তার ফল পাচ্ছে বর্তমান ক্রিকেটাররা। আমি সেই নিয়ে আর খুব বেশি আলোচনা করতে চাই না। বিষয়টা বড় করে দেখা হয়। তবে কোনও আক্ষেপ নেই। বর্তমানে আমি যথেষ্ঠ ভাল জীবন যাপন করছি।' ২০০৯ সালে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অভিষেক হয় পিটারসেনের। ইংল্যান্ড দল থেকে ছিটকে যাওয়ার পর বিভিন্ন টি-২০ লিগে খেলেন। বর্তমানে সফল ধারাভাষ্যকার।