আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার মুল্লানপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলছে গুজরাট টাইট্যানস এবং রাজস্থান রয়্যালস। বিজয়ী দল ফাইনালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। কিন্তু ম্যাচের প্রথম বল পড়ার আগেই বিপত্তি। টস কেলেঙ্কারি। আইপিএলে এর আগে কখনও এমন হয়েছে কিনা জানা নেই। টসের পর গোটা মাঠ নিশ্চুপ। ম্যাচ রেফারি থেকে দুই অধিনায়ক, কারোর মুখেই কোনও কথা নেই। যা কয়েক মুহূর্তের জন্য বিভ্রান্তি সৃষ্টি করে। যার ফলে দু'বার টস হয়। প্রথম টসের সময় কল করেন রিয়ান পরাগ। কিন্তু ম্যাচ রেফারি প্রকাশ ভাট জানান, তাঁর গলা শোনা যায়নি। তাই আবার টস হয়। দ্বিতীয় টসও রাজস্থানের পক্ষে যায়। জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পরাগ।
দু'দিন আগেই একই পিচে এলিমিনেটর হয়। ব্যবহৃত পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন। উইকেট কিছুটা মন্থর হয়ে যায়। তাই টস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। টসে হারার পর গিল জানান, জিতলে তিনিও ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। সরাসরি না বললেও, দু'বার টস হওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেন গুজরাটের অধিনায়ক। গিল বলেন, 'টসে জিতলে আমরাও প্রথমে ব্যাট করতাম। এই উইকেটে ৪০ ওভারের ক্রিকেট হয়ে গিয়েছে। আলাদা কোনও চরিত্র নেবে না। জানি না কেন ম্যাচ রেফারি শুনতে পেল না।' এদিকে টসে জিতে খুশি রাজস্থান রয়্যালসের অধিনায়ক। গুজরাটকে বড় রানের টার্গেট দেওয়ার কথা বলেন। পরাগ বলেন, 'উইকেট প্রায় একই আছে। তবে আমার মনে হয়, পরের দিকে উইকেট মন্থর হয়ে যায়।' দ্বিতীয় ইনিংসে কিছুটা কঠিন হবে ব্যাটিং। এমন পরিস্থিতিতে জোড়া টস ম্যাচ শুরুর আগেই বিভ্রান্তি এবং বিতর্ক বাড়ায়।















