আজকাল ওয়েবডেস্ক: শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে বল পড়ার আগেই রেকর্ডবুকে নাম তুলল দিল্লি ক্যাপিটালস। অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অক্ষর প্যাটেল। এই নিয়ে টানা ন'বার টসে জিতল দিল্লি। আইপিএলের ইতিহাসে ছুঁয়ে ফেলল সর্বোচ্চবার টসে জেতার রেকর্ডকে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ (২০১৫-১৬) এবং চেন্নাই সুপার কিংসের (২০১৯) এই রেকর্ড ছিল। টানা ন'বার টসে জেতার নজির ছিল এই দুই ফ্র্যাঞ্চাইজির। তার আগে টানা আটবার টসে জেতে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। এবার তাঁদের ছাপিয়ে নয়ের নজির গড়ল দিল্লি। সবাইকে পেরিয়ে যাওয়ার হাতছানি থাকছে। পরের ম্যাচেও অক্ষর প্যাটেল টসে জিতলে নতুন রেকর্ড করবে দিল্লি।
অক্ষর বলেন, 'মুহূর্তে থাকা খুব জরুরি। আমার মনে হয়, আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে। প্রত্যেক মুহূর্তে উন্নতি করতে হবে। আমি সেটাই সতীর্থদের বলি। আমাদের খেলাটা উপভোগ করতে হবে।' টসে জেতার পূর্ণ ফায়দা তোলে দিল্লি। আগের দিন হারের জন্য টপ অর্ডারকে দায়ী করা হয়েছিল। যার মূলে ছিলেন কেএল রাহুল এবং নীতিশ রানা। এদিন জ্বলে ওঠেন দুই ক্রিকেটার। শতরান করেন রাহুল। ৪৭ বলে একশো রানে পৌঁছে যান। ইনিংসে ছিল ৫টি ছয়, ১২টি চার। স্ট্রাইক রেট ২১৭.০২। রাহুল এবং নীতিশের জুটিতে রানের পাহাড়ের দিকে এগোচ্ছে দিল্লি। অন্য প্রান্তে ৭২ রানে অপরাজিত নীতিশ। ১৬তম ওভারে ২০০ রানের গণ্ডি পার করে দিল্লি। চলতি আইপিএলে এখনও একমাত্র অপরাজিত দল পাঞ্জাব কিংস। কিন্তু শনিবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে শ্রেয়সদের।















