আজকাল ওয়েবডেস্ক: সবে শুরু হয়েছে আইপিএল। তারমধ্যেই ঘটে গেল একটি দুর্ঘটনা। মঙ্গলবার মৃত্যু হয় ৭৬ বছরের ব্রিটিশ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারের। তিনি আইপিএলে কাজ করছিলেন। মুম্বইয়ের একটি হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁকে। পুলিশের বয়ান অনুযায়ী, হোটেল কর্তৃপক্ষের সাহায্যে জ্যান উইলিয়াম ল্যাংফোর্ডকে দ্রুত বোম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। বিসিসিআইয়ের সঙ্গে কাজ করছিলেন জ্যান। আইপিএলের ম্যাচের জন্য মুম্বইয়ে ছিলেন। মেরিন ড্রাইভ পুলিশ জানায়, পোস্টমর্টেম রিপোর্টে রহস্যজনক কিছু নেই। তবে অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট দায়ের করা হয়েছে। তদন্ত চলবে।
২৪ মার্চ থেকে ট্রাইডেন্ট হোটেলে থাকছিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের পর রাতে নিজের হোটেল ঘরে ফেরেন। কিন্তু পরের দিন হোটেলের রিসেপশন থেকে তাঁকে ফোন করা হলে, কোনও সাড়া পাওয়া যায়নি। হোটেলের কর্মচারীরা তাঁর ঘরের দরজা ধাক্কায়। কিন্তু সাড়া মেলেনি। মাস্টার কি দিয়ে হোটেলের ঘরে প্রবেশ করে কর্মচারীরা। ঘরের মেঝেতে পড়ে ছিলেন ল্যাংফোর্ড। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে হোটেলের নিজস্ব ডাক্তার তাঁকে পরীক্ষা করে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অস্বাভাবিক কিছু পাওয়া না গেলেও, তদন্ত চলবে।
এদিকে ১৩ বছর পর আইপিএলের প্রথম ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। অর্ধশতরান করেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। কেকেআরের বিরুদ্ধে ৬ উইকেটে জেতে মুম্বই। শেষবার ২০১২ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ জিতেছিলেন রোহিতরা। তারপর থেকে খরা চলছিল। এদিন ২২১ রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। আগের আইপিএলের পর প্রথম টি-২০ ম্যাচ খেলেন রোহিত। ৩৮ বলে ৭৮ রান করেন। ইনিংসে ছিল ছ'টি ছক্কা এবং চার। উইকেটের অন্য প্রান্তে ৪৩ বলে ৮১ রান করেন রিকেলটন। এক দশকেরও বেশি সময়ের পর প্রথম ম্যাচ জিতে উত্তেজিত হার্দিকরা।














