আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ের পর আইপিএলের শুরুতেই ধামাকা বৈভব সূর্যবংশীর। বিস্ময় বালকের হয়ে এবার ব্যাট ধরলেন মাইকেল ভন। বিসিসিআইকে বিশেষ বার্তা দেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ভারতের সিনিয়র দলে বৈভবকে সুযোগ দেওয়া নিয়ে সওয়াল তোলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ৮ উইকেটে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ১৫ বছরের ক্রিকেটার। ১২৭ রানে শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। রান তাড়া করতে নেমে মাত্র ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন বৈভব। মাত্র ১২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।
তরুণ ক্রিকেটারের এই পারফরম্যান্সের পর আসন্ন ইংল্যান্ড সিরিজে বৈভবকে সিনিয়র দলে সুযোগ দেওয়ার জন্য আর্জি জানান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। দাবি করেন, একাধিকবার নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। মাইকেল ভন বলেন, 'কবে ওর ভারতীয় দলে অভিষেক হবে? আমি অপেক্ষা করছি। জানি হয়ত কিছুটা আগেই এটা বলে ফেলছি। সবে আইপিএলের প্রথম ইনিংস। তবে কয়েক মাসে ভারতীয় দলের ইংল্যান্ডে সাদা বলের সিরিজ আছে। আমি যদি ভারতীয় ক্রিকেটের দায়িত্বে থাকতাম, ওকে সেই সিরিজে সুযোগ দিতাম। ভারতীয় দলে যে প্লেয়াররা আছে, এখনই প্রথম একাদশে হয়ত সুযোগ পাবে না। কিন্তু ওকে ভারতীয় সিনিয়র দলের পরিবেশের সঙ্গে অভ্যস্ত করে দিতে হবে। ওকে সুযোগ দেওয়া উচিত। যদি একটা বা দুটো ম্যাচ খেলার সুযোগ পায়, তাহলে খুবই ভাল। কিন্তু সফরে থাকুক। ১৫ বছরের ক্রিকেটার হিসেবে কি ওর সফরে যাওয়ায় বাধা আছে? আমি চাই ওর ভারতীয় দলের সঙ্গে অভিজ্ঞতা হোক। তারমানে এই নয় যে খেলতেই হবে। তবে দলের সঙ্গে থাকা। তবে ও যথেষ্ঠ ভাল। দলে সুযোগ পেতেই পারে। এই বিষয়ে আমার কোনও সন্দেহ নেই।'
সূর্যবংশীর বৈভবে মুগ্ধ মহম্মদ কাইফও। ভারতের প্রাক্তনীও তাঁকে জাতীয় দলে দেখতে চান। আগে তিনি মনে করেছিলেন, মাত্র কয়েকটি পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করা হচ্ছে। কিন্তু বৈভব যে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি, সেটা বিশ্বাস করেন তিনি। কাইফ বলেন, 'গতবছর আমার মনে হয়েছিল, বৈভবকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা হচ্ছে। আমার মনে হয়েছিল, তরুণদের বাছতে খুব তাড়াহুড়ো করা উচিত নয়। কিন্তু একবছর পর আমার মনে হয়েছে, পরের পর্যায় যেতে ও তৈরি। ১৫ বছরের ক্রিকেটার বাইশ গজে বিনোদন দেওয়ার পাশাপাশি ম্যাচ জেতানো ইনিংসও খেলার ক্ষমতা রাখে।' অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন সূর্যবংশী। এবার আইপিএলেও আশা জাগানো শুরু।














