আজকাল ওয়েবডেস্ক: রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যাত্রা শুরু করবে কেকেআর। এবার নাইটদের দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে ব্যাটিংয়ে। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন দুই বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন এবং টিম সেইফার্ট। রয়েছেন রচিন রবীন্দ্রও। তারমধ্যে সেইফার্ট উইকেটকিপার। এছাড়াও আছেন আনক্যাপড উইকেটকিপার তেজস্বী দাহিয়া। কিন্তু তাসত্ত্বেও অঙ্গকৃষ রঘুবিংশীর উইকেটকিপিংয়ের দক্ষতা নাইটদের কাজে লাগতে পারে। আইপিএলের প্রাথমিক পর্বে বাকি দলগুলোর মতো সঠিক কম্বিনেশন খুঁজতে সময় লাগবে নাইটদের।
উইকেটকিপিং নিয়ে রঘুবংশী বলেন, 'আমার মুম্বই টি-২০ দলের হয়ে উইকেটকিপিং করার প্রয়োজন পড়ে। রাজি হয়ে যাই। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করি। আমি উইকেটকিপিং উপভোগ করেছি। তারপর থেকে আমি প্র্যাকটিস করছি।' ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। যশস্বী জয়েসওয়াল এবং তিলক বর্মারা বোলিং প্র্যাকটিসে জোর দিচ্ছেন। কঠিন লড়াই রঘুবংশীর সামনেও। তবে সেই নিয়ে এখনই ভাবেছেন না। রঘুবংশী বলেন, 'আমি বেশি ভাবছি না। আমি নিজের খেলার উন্নতি করার চেষ্টা করছি। তবে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং এবং ফিল্ডিং দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। আমি প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করছি।'
মুম্বইয়ের হয়ে লাল বলের ক্রিকেটে বিশেষ সুযোগ পাননি। তবে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। তাঁর মেন্টর এবং কোচ অভিষেক নায়ার কেকেআরের দায়িত্ব নিয়েছেন। নাইটদের নতুন কোচের থেকে অনেক কিছু শেখার অপেক্ষায় ২১ বছরের ক্রিকেটার। রঘুবংশী বলেন, 'আমার এবং গোটা দলের জন্য শেখার সুযোগ রয়েছে। ওর ক্রিকেটিং বোধ খুব ভাল। পাশাপাশি ভাল মানুষ। আমি ইতিমধ্যেই তাঁর থেকে অনেক কিছু শিখেছি। এই মরশুমেও সেটা চালিয়ে যাব। আশা করছি আমরা একসঙ্গে টুর্নামেন্ট জিতব।'
















