আজকাল ওয়েবডেস্ক: টানা দুই ম্যাচে হার। মুম্বইয়ের পর হায়দরাবাদ। বৃহস্পতিবার তো ঘরের মাঠেই হারতে হয়েছে। বিপুল চাপে রয়েছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে তো রাহানে ক্ষেপেই গেলেন। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, রাহানের স্ট্রাইক রেট নিয়ে। ওপেন করতে নেমে হায়দরাবাদের বিরুদ্ধে ১০ বলে মাত্র ৮ রান করেন রাহানে। সাংবাদিকের প্রশ্নে রীতিমতো বিরক্ত হয়ে রাহানে বলেন, ‘এটা পরিকল্পনার অঙ্গ। ২০২৩ থেকেই দেখবেন আমার স্ট্রাইক রেট অনেকের থেকেই ভাল।’
রাহানের কথায়, ‘২০২৩ থেকে স্ট্রাইক রেট অন্যতম সেরা বলেই মনে করি। যারা এই ধরনের কথা বলছেন, হয় আমার খেলা দেখেননি। অথবা আমার বিরুদ্ধে তাদের কোনও বিশেষ উদ্দেশ্য আছে। তারা চায় না আমি খেলি। তারা আমার খেলা দেখাও পছন্দ করে না।’
২০২৫ সালে কেকেআরের অধিনায়ক হয়েছিলেন রাহানে। ১৩ ম্যাচে করেছিলেন ৩৯০ রান। স্ট্রাইক রেট ছিল ১৪৭.৭৩। সেই রাহানে বলছেন, যারা এই ধরনের কথা বলছেন, তারা হিংসা থেকেই বলছেন। কেকেআর অধিনায়ক বলেছেন, ‘আমার সাফল্য নিয়ে হয়ত অনেকের মনে হিংসা আছে। যদিও তা নিয়ে বড় একটা চিন্তিত নই। একটা বা দুটো খারাপ ইনিংস দিয়ে কিছু বিচার হয় না। যারা এই কথা বলছে, তারা হয়ত খেলা বোঝে না।’
এটা ঘটনা, ২০২৩ সালে চেন্নাইয়ে রাহানে ৩২৬ রান করেছিলেন ১৭২.৪৯ স্ট্রাইক রেটে। তবে ২০২৪ সালে করেছিলেন ২৪২। স্ট্রাইক রেট কমে হয়েছিল ১২৩.৪৭। এরপর ২০২৫ সালে তিনি কেকেআরে আসেন। রাহানে বলছেন, ‘যারা আমার খেলা দেখেনি বা নিজস্ব মতামত দিচ্ছে তাদের নিয়ে কিছু বলার নেই। তবে এই ধরনের আলোচনা শুনতে বেশ ভালই লাগে। তারা কথা বলুক। অসুবিধা নেই।’
তবে এতকিছুর মধ্যেই হারের পর উইকেটের সমালোচনা করেছেন রাহানে। বলেছেন, ‘আমরা মনে হয়েছে, দ্বিতীয় ইনিংসে বল পিচে পড়ে একটু থামছিল। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে মন্থর বল খেলা বেশ কঠিন হচ্ছিল। আমরা সেটা বুঝতে পারিনি। ভেবেছিলাম, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কঠিন হয়ে পড়ল। তবে অজুহাত দিচ্ছি না।’ এটা ঘটনা, অজুহাত কিন্তু দিয়েই দিলেন রাহানে।
হারের পর দলের প্রথম একাদশে বদলের ইঙ্গিত দিয়েছেন রাহানে। আপাতত সোমবার ইডেনে পাঞ্জাব ম্যাচের দিকে তাকিয়ে নাইটরা।
















