আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে হায়দরাবাদের সূর্য ডুবল। একই সঙ্গে ১৫ বছরের এক কিশোর প্রতিভা নতুন সূর্য হয়ে ধরা দিল আইপিএলের আকাশে। 

সানরাইজার্স হায়দরাবাদের স্বপ্নভঙ্গের রাতে রাজস্থানের জার্সি গায়ে উজ্জ্বল বৈভব সূর্যবংশী। 

প্যাট কামিন্সের গতিকে তিনি ভয় পাননি। যেভাবে শুরু থেকে রণং দেহি মেজাজে ব্যাট করেন, তাতে বোঝাই যাচ্ছিল এদিনের রাতটা তাঁরই। ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পাঁচটি চার ও ১২টি ছক্কা আসে সূর্যবংশীর চওড়া ব্যাট থেকে। 

ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলের ৩০ বলের সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেওয়ার মুখে ছিল। একটা বাউন্ডারি এলেই কেল্লা ফতে। দর্শকরা উত্তেজনায় কাঁপছিলেন। গোটা দেশে যেন অঘোষিত কার্ফু জারি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় কেবল বৈভবকে নিয়ে চর্চা। ভারতীয় ক্রিকেটের নতুন তারকা এসে গিয়েছে। প্রফুল্লকে মারতে গিয়ে ৯৭ রানে থেমে গেলেন সূর্যবংশী। সূর্যবংশীকে যখন ক্যামেরায় ধরা হল, তখন মনে হচ্ছিল তিনি কেঁদে ফেলবেন। বৈভবের ব্যাটে যে আগুন জ্বলল তাতেই যেন জ্বলে পুড়ে গেল হায়দরাবাদ। ধ্রুব জুড়েলের ৫০, যশস্বী জয়সওয়ালের ২৯, রিয়ান পরাগের ২৬-এর সৌজন্যে রাজস্থান পৌঁছয় ৮ উইকেটে ২৪৩ রানে। সূর্যবংশীর কাছে হার মানে হায়দরাবাদের সব কৌশল। তারপর ম্যাচটা আর সত্যিই ম্যাচ ছিল না। 
বৈভবের ব্যাটে যে আগুন জ্বলে উঠেছিল, তার তাপেই পুড়ে গেল হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে সানরাইজার্সের তারকা অভিষেক শর্মা খাতা না খুলেই ফেরেন। এদিন কিন্তু বৈভবের কাছে হার মানলেন অভিষেকও। ট্র্যাভিস হেড ১৭ করে থামলেন আর্চারের বলে। ঈশান কিষান ছক্কা ৩৩ করলেন। হেনরিক ক্লাসেন বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। নীতীশ রেড্ডি ৩৮ ও সলিল অরোরা ৩৫ করলেও তা যথেষ্ট ছিল না। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে হায়দরাবাদ নিজেদের বিপন্ন করল। ১৯৬ রানে থামল সানরাইজার্স। ৪৭ রানে ম্যাচ জিতল রাজস্থান।