আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে নতুন যুগের সূচনা করল রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের বদলে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগের নাম।
সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। নেতৃত্বে ধারাবাহিকতা ও তারুণ্যের ওপর আস্থা রাখার বার্তাই দিয়েছে রাজস্থান।
২০১৯ সালে আইপিএলে অভিষেক হওয়া রিয়ান পরাগ গত সাতটি মরশুমই রয়্যালসের হয়ে খেলেছেন। দলের দীর্ঘদিনের সদস্যদের মধ্যে অন্যতম। গত মরশুমে স্যামসনের চোটের কারণে তিনি আট ম্যাচে অস্থায়ীভাবে দলকে নেতৃত্বও দেন।
যদিও ফলাফল খুব একটা ভাল ছিল না। তাঁর অধিনায়কত্বে দুটি ম্যাচে জয় ও ছ’টি ম্যাচে হার নিয়ে রাজস্থান নবম স্থানে শেষ করে। তবুও ব্যাট হাতে নজর কেড়েছিলেন পরাগ।
ওই ম্যাচগুলোতে তাঁর গড় ছিল ৩৮.৫৭, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কেরিয়ারের সেরা ৯৫ রানের ইনিংস বিশেষভাবে উল্লেখযোগ্য।
এখনও পর্যন্ত ৮৪টি আইপিএল ম্যাচে ১,৫৬৬ রান করেছেন পরাগ, স্ট্রাইক রেট ১৪১.৮৪। ২০২৪ মরশুমে ৫৭৩ রান (স্ট্রাইক রেট ১৪৯.২১) করে নিজেকে নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা করেন।
গত মরশুমে তাঁর স্ট্রাইক রেট বেড়ে ১৬৬.৫২ হলেও মোট রান কমে দাঁড়ায় ৩৯৩, এবং মাত্র একটি অর্ধশতরান আসে। অধিনায়কত্ব পাওয়ার পর পরাগ জানান, রাজস্থান রয়্যালস তাঁর কাছে বাড়ির মতো।
তিনি বলেন, ‘আইপিএলের প্রথম দিন থেকেই রাজস্থান রয়্যালস আমার বাড়ির মতো। এই ফ্র্যাঞ্চাইজি আমাকে সমর্থন করেছে, গড়ে তুলেছে এবং প্রতি মরশুমে উন্নতি করতে সাহায্য করেছে। এখন এই দলকে নেতৃত্ব দেওয়া অত্যন্ত বিশেষ সম্মানের এবং বড় দায়িত্ব। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে ভয়ডরহীন ও স্মার্ট ক্রিকেট খেলতে চাই।’
দলের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা পরাগকে ‘হাই-ইমপ্যাক্ট’ খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়ে তাঁর ক্রিকেটবুদ্ধি ও চাপ সামলানোর ক্ষমতার প্রশংসা করেছেন।
সাঙ্গাকারা বলেন, ‘রিয়ান আমাদের দলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। চাপের মধ্যে শান্ত থাকা, তীক্ষ্ণ ক্রিকেটবোধ এবং আমাদের খেলার ধরন বোঝার ক্ষমতা, সবই তার মধ্যে রয়েছে। ড্রেসিংরুমে ওকে সবাই সম্মানও করে। আমরা বিশ্বাস করি রিয়ান এই দায়িত্বে সফল হবে।’
সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ে পাঠিয়ে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে দলে নেওয়ার পর থেকেই নতুন অধিনায়কের খোঁজে ছিল রাজস্থান। শেষ পর্যন্ত নিজেদের ঘরের খেলোয়াড়ের ওপরই আস্থা রাখল তারা।
একটি প্রতিবেদন মারফত জানা গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কোচ সাঙ্গাকারা সম্ভাব্য কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন যার মধ্যে পরাগও ছিলেন।
২০২৫ সালের আইপিএল শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তারপর থেকেই ফ্র্যাঞ্চাইজিটি নতুন অধিনায়ক ও নতুন কোচ খোঁজার চেষ্টায় ছিল। এবার নতুন অধিনায়ক এবং নতুন কোচের অধীনে বড়সড় পরিবর্তন ঘটাল রাজস্থান রয়্যালস।
