আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ফাইনালের মঞ্চ প্রস্তুত। রবিবার মহারণে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি ও গুজরাট টাইটান্স। ফাইনালে রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। 

ফাইনালের আগে আত্মবিশ্বাসে ফুটছে আরসিবি। কোয়ালিফায়ার-১ আরসিবি গুজরাটকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্যদিকে, ২৯ মে কোয়ালিফায়ার-২ রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে গুজরাট।

ইতিহাস কিন্তু আরসিবির পক্ষেই কথা বলছে। ২০১৮ সাল থেকে আইপিএলে যে দল কোয়ালিফায়ার-১ জিতেছে, তারাই শেষ পর্যন্ত ট্রফি ঘরে তুলেছে। শুধু তাই নয়, ২০১১ সালে প্লে-অফ পদ্ধতি চালু হওয়ার পর ১৫ বারের মধ্যে ১২ বার কোয়ালিফায়ার-১ বিজয়ী দলই চ্যাম্পিয়ন হয়েছে। সেই পরিসংখ্যান ধরে রাখতে চাইবে আরসিবি, আর সেই ধারাই ভাঙতে মরিয়া গুজরাট।

আরসিবি অধিনায়ক রজত পাতিদারের সামনে রয়েছে বিশেষ এক কীর্তি গড়ার সুযোগ। দলকে টানা দ্বিতীয়বার আইপিএল জেতাতে পারলে তিনি এমন এক অভিজাত তালিকায় জায়গা করে নেবেন, যেখানে রয়েছেন কেবল ধোনি ও রোহিত শর্মা। ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস  ২০১০ ও ২০১১ সালে এবং রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ২০১৯ ও ২০২০ সালে পরপর খেতাব জিতেছিল। এবার সেই কীর্তির সামনে দাঁড়িয়ে পাতিদার।

তবে তাঁর পথের কাঁটা ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমন গিল। গুজরাটের অধিনায়ক হিসেবে এটিই তাঁর প্রথম আইপিএল ফাইনাল। গিলের লক্ষ্য, অধিনায়ক হিসেবে প্রথম ট্রফি জিতে নতুন ইতিহাস লেখা। গুজরাটের একমাত্র আইপিএল শিরোপা এসেছিল ২০২২ সালে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে। ২০২৩ সালের ফাইনালে হেরে যায় তারা। এটি গুজরাটের তৃতীয় ফাইনাল, যেখানে তাদের সাফল্যের হার ৫০ শতাংশ। 

অন্যদিকে, আরসিবির জন্য এটি পঞ্চম আইপিএল ফাইনাল। ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে ফাইনালে হারতে হয়েছিল বেঙ্গালুরুকে। গতবার প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল তারা। এবার দ্বিতীয় শিরোপার হাতছানি। বর্তমানে ফাইনালে তাদের সাফল্যের হার ২৫ শতাংশ।

ফাইনালের লড়াইয়ে গুজরাট কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে, কারণ ম্যাচটি অনুষ্ঠিত হবে তাদের ঘরের মাঠ আহমেদাবাদে। তবে আরসিবি যে কোনও পরিস্থিতিতে প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা রাখে, তা তারা ইতিমধ্যেই প্রমাণ করেছে।

সব মিলিয়ে, ১৯-তম আইপিএলের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ও ইতিহাস গড়ার সুযোগ রজত পাতিদারের সামনে, অন্যদিকে প্রথমবার অধিনায়ক হিসেবে ট্রফি জয়ের লক্ষ্য শুভমন গিলের। শেষ হাসি কে হাসবেন?পাতিদার নাকি গিল? সেই উত্তর মিলবে রবিবার রাতেই।