আজকাল ওয়েবডেস্ক:‌ হর্ষিত রানা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। এর ফলে কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং একটু দুর্বল হয়ে পড়ল। 


হর্ষিত রানার পরিবর্ত এখনও ঘোষণা করেনি কেকেআর। তবে তালিকায় রয়েছে তিনটি নাম। তার একজন আকাশ মাধিওয়াল। নিলামে তিনি অবিক্রিত ছিলেন। ডানহাতি পেসার ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন। ভাল বোলিং করে চর্চায় উঠে এসেছিলেন। আইপিএলে লখনউয়ের বিরুদ্ধে ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। চাপের মুখে ভাল বল করতে পারেন। গতবার রাজস্থানে ছিলেন। চার ম্যাচে পান চার উইকেট। আইপিএলে ১৭ ম্যাচে ২৩ উইকেট রয়েছে তাঁর।


দ্বিতীয় নাম সিমরজিৎ সিং। এর আগে চেন্নাই ও হায়দরাবাদের বিরুদ্ধে খেলেছেন। আইপিএলে ১৪ ম্যাচে ১১ উইকেট আছে তাঁর। তবে সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন তিনি। 


তৃতীয় নাম চেতন সাকারিয়া। সৌরাষ্ট্রের এই বাঁহাতি পেসার শেষ খেলেছেন রাজস্থানের হয়ে। আইপিএলে ২০ উইকেটও আছে সাকারিয়ার। গতবার কেকেআর স্কোয়াডেও ছিলেন। সঠিক লাইন ও লেংথে বল করতে পারেন সাকারিয়া। 

এদিকে, আইপিএল শুরুর ঠিক আগে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন জিম্বাবোয়ে পেসার ব্লেসিং মুজারবানি। টি–২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স ছিল জিম্বাবোয়ে পেসারের। টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়েছিলেন মুজারবানি। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া নজরকাড়া পারফরম্যান্স ছিল মুজারবানির।


প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড দলে ছিলেন মুজারবানি। কিন্তু পিএসএল থেকে তিনি নাম তুলে নিয়ে চলে আসছেন আইপিএলে। 


এটা ঘটনা মুজারবানির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে পিসিবি। প্রসঙ্গত, পিএসএলের নিলামে দল না পাওয়া মুজারবানিকে ইসলামাবাদ ইউনাইটেড সই করিয়েছিল শামার জোসেফের পরিবর্ত হিসাবে। ১ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়েছিল। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তাঁর। পরে সিদ্ধান্ত বদলে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুজারবানি। বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে মুজারাবানিকে দলে নিতে চায় কেকেআর কর্তৃপক্ষ। এভাবে চুক্তি ভাঙায় জিম্বাবোয়ের ক্রিকেটারের উপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্তারা।


শোনা যাচ্ছে, পিএসএল কর্তৃপক্ষ মুজারবানির উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে। সেক্ষেত্রে আগামী কয়েক বছর মুজারবানি পিএসএল খেলতে পারবেন না। তবে আইপিএলে খেলতে তাঁর সমস্যা হবে না। আগামী ১৭ মার্চ তাঁর কলকাতায় আসার কথা রয়েছে।