আজকাল ওয়েবডেস্ক: নিজেদের পরিকল্পনামাফিক পিচ বানিয়ে টি–২০ বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। এই অভিযোগ, বিশেষ করে পাকিস্তানিরা তুলতে শুরু করেছেন। যদিও এসব সমালোচনাকে পাত্তা দিচ্ছে না ভারতীয় শিবির।
হেড কোচ গৌতম গম্ভীর তো এসব সমালোচনাকে পাত্তাই দিতে রাজি নন। তিনি স্পষ্ট বলেছেন, এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাতেও ভারত প্রচুর রান তুলেছে। গম্ভীরের কথায়, আইসিসি ইভেন্টের নিয়ন্ত্রণ পুরোটাই থাকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার উপর। এখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও ভূমিকাই নেই। গম্ভীর এটাও জোর দিয়ে বলেছেন, আধুনিক টি–২০ ক্রিকেট ব্যাটসম্যান নির্ভর। ব্যাটসম্যানদের কথা ভেবেই উইকেট তৈরি করা হয়।
গম্ভীর কড়া ভাষায় বলেছেন, ‘কেন এরকম বলা হচ্ছে জানি না। কেন পরিকল্পনামাফিক উইকেটের কথা বলা হচ্ছে জানি না। তাছাড়া ভারতীয় দল টি–২০ ফর্ম্যাটে অত্যন্ত শক্তিশালী। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাতেও আমরা ২০০ রান করেছি। আমরা ভারতের উইকেটে ২০০ করলেই বলা হয় পরিকল্পনা করে উইকেট তৈরি করা হয়েছে। কিছু মানুষ থাকেই বিতর্ক তৈরি করার জন্য। এই ধরনের মন্তব্য করে টিআরপি বাড়ানোর কোনও অর্থ নেই।’
টি–২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে কলম্বোর টার্নিং পিচে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ১৭৫ রান তুলেছিল। সে প্রসঙ্গ তুলেছেন গম্ভীর। গম্ভীরের কথায় সেখানে অন্যান্য দল ১৪০ এর বেশি তুলতে পারেনি। কিন্তু এই নিয়ে তো কেউ কিছু বলছে না। গম্ভীরের স্পষ্ট কথা, ‘কখনও কখনও ক্রিকেটারদেরও কৃতিত্ব দিতে হয়। শুধু ভারত নয়, বিদেশের মাটিতেও ব্যাটাররা বড় রান তুলেছে। এমনও তো বলা হয়, যে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে বোলারদের কথা ভেবেই উইকেট তৈরি হয়। কিন্তু আইসিসি টুর্নামেন্টের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এখানে বিসিসিআইয়ের কোনও নিয়ন্ত্রণই নেই। আর দ্বিপাক্ষিক টি–২০ সিরিজে ব্যাটারদের কথা ভেবেই উইকেট তৈরি হয়। টি–২০ মানেই ব্যাটারদের খেলা। কেউ ২০ ওভারে ১২০ রান হোক তা দেখতে মাঠে আসে না। সবাই হাই স্কোরিং ম্যাচ দেখতে চায়। বিশ্বের সর্বত্রই টি–২০ ক্রিকেটে বড় রান ওঠে। কলম্বোয় তো আমরা প্রায় ১৮০ তুলেছিলাম। সেখানে অন্যান্যরা ১৪০ তুলতেও হিমশিম খেয়েছে।
এর পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন গম্ভীর। বলেছেন, ‘দুর্দান্ত অধিনায়ক সূর্য। ওঁর জন্যই আমার কাজটা সহজ হয়ে গিয়েছে। যেভাবে সতীর্থদের সামলায় তা এককথায় অনবদ্য। আমি যখন কেকেআরের অধিনায়ক ছিলাম তখন থেকেই সূর্যকে দেখেছি। তীই ওঁর বিষয়টা জানি।’
সূর্যর অধিনায়কত্বে ভারত এখনও অবধি ৫২ খানা টি–২০ খেলেছে। জিতেছে ৪২ টা। হেরেছে আটটা। দুটি ম্যাচে ফলাফল হয়নি।
