আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন যশস্বী জয়স্বাল। ভারতের জার্সিতে নিজের দ্বিতীয় ওয়ানডে  শতরান উদযাপনের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বড় ধাক্কা খেলেন তরুণ ওপেনার। আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেলেন না তিনি।

আফগানিস্তান সিরিজে বিরাট কোহলির পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন জয়সওয়াল। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে কোহলি অনুপস্থিত থাকায় দুটি ম্যাচ খেলার সুযোগ পান বাঁ হাতি ব্যাটার। সেই সুযোগ কাজে লাগিয়ে ১১৪ রান করেন তিনি, যার মধ্যে ছিল ম্যাচ জেতানো ১১০ রানের ইনিংস। তবুও কোহলির প্রত্যাবর্তনের ফলে আবারও ভারতের ওডিআই পরিকল্পনার বাইরে চলে যেতে হল তাঁকে।

রবিবার ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে কোহলিকে দলে রাখা হয়েছে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে ভারত মূল দল গঠনের প্রক্রিয়া শুরু করায় নিজেদের জায়গার জন্য প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। সেই লড়াইয়ে আপাতত পিছিয়ে পড়লেন জয়সওয়াল। 

ভারতের টেস্ট দলে নিয়মিত সদস্য হলেও সীমিত ওভারের ক্রিকেটে এখনও স্থায়ী জায়গা নিশ্চিত করতে পারেননি তিনি। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলেও সুযোগ পাননি এই তরুণ ব্যাটার।

অন্যদিকে, ইংল্যান্ড সফরের আগে চোটের ধাক্কাও খেল ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। আইপিএল ২০২৬-এ পাওয়া বাঁ পায়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে প্রিন্স যাদবকে।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সইকিয়া এক বিবৃতিতে জানান, ''আইপিএল ২০২৬-এ বাঁ পায়ের চোটের জন্য বরুণ চক্রবর্তী বর্তমানে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছেন। সেই কারণে তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না।''

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা বরুণ শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন আইপিএলে। চোট নিয়েও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি এবং ১১টি উইকেট নিয়েছিলেন ৮.৭৮ ইকোনমি রেটে।

তবে স্বস্তির খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনও ভারতীয় দলে রয়েছেন বরুণ। তাঁর ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সিরিজ শুরুর আগে।

একদিকে নির্বাচকদের আস্থার অপেক্ষায় যশস্বী জয়সওয়াল,  অন্যদিকে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার লড়াইয়ে বরুণ চক্রবর্তী। ইংল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেটে এই দুই ক্রিকেটারকে নিয়ে চলছে চর্চা।  

ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের ওডিআই দল:

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি (ফিটনেস শর্তে), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, আর্শদীপ সিং এবং গুরনুর ব্রার। 

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), শিবম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী এবং প্রসিদ্ধ কৃষ্ণ।