আজকাল ওয়েবডেস্ক: চলতি ভারত নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় সিরিজেও অংশ নিচ্ছেন না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। জানা গিয়েছে, এখনও পুরোপুরি চোট সারিয়ে উঠতে পারেননি তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসন না থাকায় তৃতীয় টেস্টেও দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ভারতের মাটিতে ভারতকে হোয়াইটওয়াশের সুযোগ থাকছে তাঁর কাছে। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পান কেন উইলিয়ামসন। ফলে, আর ভারতে খেলতে আসা হয়নি তাঁর।

 

শ্রীলঙ্কা থেকেই দেশে ফিরে যান তিনি। ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট মিস করেছেন তিনি। প্রাক্তন কিউই অধিনায়ক মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে দলের সঙ্গে থাকছেন না। আগামী ২৮ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাঁকে সম্পূর্ণ ফিট করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, ‘উইলিয়ামসন ক্রমশ রিহ্যাবে উন্নতি করেছেন। ম্যানেজমেন্ট তাঁকে ইংল্যান্ড সিরিজের জন্য পুরোপুরি ফিট হওয়ার নির্দেশ নিয়েছে।

 

উন্নতির লক্ষণ দেখালেও সম্পূর্ণ ফিট না হওয়া পর্যন্ত দলের সঙ্গে তিনি যোগ দিতে পারবেন না। হাতে এখনও এক মাস সময় আছে, তাই চিন্তার কিছু নেই’। তবে চোট পাওয়ার আগে উইলিয়ামসন শ্রীলঙ্কা সিরিজে ভাল পারফরম্যান্স করতে পারেননি। ৩৪.৫০ গড়ে চার ইনিংসে মাত্র ১৩৮ রান করেন। তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তিনি দুর্দান্ত শুরু করেছিলেন। তিনটি সেঞ্চুরি করে ১৩৪.৩৩ গড়ে চার ইনিংসে ৪০৩ রান করেছিলেন কিউই তারকা।