আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের মাঝেই খারাপ খবর শ্রীলঙ্কার। সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করল আইসিসি। নির্বাসন না ওঠা পর্যন্ত আইসিসির কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না এই দ্বীপরাষ্ট্র। ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিয়ম ভেঙেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আইসিসির সদস্য হিসেবে ক্রিকেট বোর্ডের ওপর কোনো সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। আগামী ২১ নভেম্বর বৈঠক রয়েছে আইসিসির।

সেদিন ফের এই বিষয়ে আলোচনা হতে পারে। ভারতের বিরুদ্ধে হারের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান সমস্ত সদস্যকে ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ফের ক্ষমতায় ফেরানো হয় সদস্যদের। ক্রিকেট বোর্ডের ওপর এই সরকারি হস্তক্ষেপ মেনে নিতে পারেনি আইসিসি। সে কারণেই এই পদক্ষেপ নেওয়া। ২০২৪ সালের শুরুতে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে শ্রীলঙ্কার। তার আগে নির্বাসন না উঠলে বিশ্বকাপ আয়োজিত হবে অন্য দেশে।