আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক অভিযান শেষ হওয়ার পর এবার মাঠের বাইরের এক ভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারকে আগের তুলনায় ভিন্ন চেহারায় দেখা গিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, থুতনির গঠনে সামঞ্জস্য আনার জন্য কসমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে ব্রাজিলীয় তারকাকে। 

বিশ্বকাপ শেষে দেশে ফেরার কয়েকদিন পরই মুখমণ্ডলের আকৃতির পরিবর্তন আনতে কসমেটিক প্রক্রিয়ার সাহায্য নেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। রিয়াল মাদ্রিদের প্রাক-মরশুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এর আগেই তাঁর নতুন লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। 

চিন হারমোনাইজেশন মূলত থুতনির আকার, অবস্থান পরিবর্তনের মাধ্যমে মুখের অন্যান্য অংশ, বিশেষ করে নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য তৈরি করার একটি চিকিৎসা বা কসমেটিক প্রক্রিয়া। 

এটি সার্জিকাল বা নন সার্জিক্যাল, উভয় পদ্ধতিতেই করা হতে পারে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভিনি জুনিয়রই ব্রাজিলের সেরা খেলোয়াড়। হালান্ডের নরওয়ের কাছে হার মেনে বিশ্বকাপ অভিযান শেষ হয় ভিনি জুনিয়রের ব্রাজিলের।