আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশির পর পারেদেস ও স্পেনের ফুটবলারদের মধ্যে মারামারি শুরু হয়ে গিয়েছিল। পারেদেস গলা টিপে ধরেন গার্সিয়ার। তার পরে গাভির মুখে ঘুষি মারেন। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা স্পেনের দানি ওলমোকেও ধাক্কা দেন।
এদিকে পারেদেসের পাশে দাঁড়িয়েছেন তাঁর মা। বুয়েনোস আইরেসের এজেইজা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পারেদেসের মা মিরিয়াম বেনিতেজ ছেলের হয়ে সাফাই গেয়ে বলেন, ''আমরা কখনও কাউকে অসম্মান করি না। সম্মানই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আর্জেন্টিনা জাতীয় দল আমার ছেলের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আমি জানি।''
এদিকে পারেদেসের বোন বারবারা নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি ফাইনালের ঘটনার পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে আর্জেন্টিনার জয় এবং ফকল্যান্ড নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “চতুর্থ খেতাব হয়তো আমরা পাইনি, কিন্তু মালভিনাস আমাদেরই।”
উল্লেখ্য, ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় 'লাস মালভিনাস সন আর্জেন্টিনাস' লেখা একটি ব্যানার দেখিয়ে ছিলেন। বিষয়টি নিয়ে যুক্তরাজ্য সরকার তীব্র প্রতিক্রিয়া জানায়।
ফাইনালের পর সংঘর্ষ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরে রাজনৈতিক বার্তা প্রদর্শন, এই দুই ঘটনাতেই ফিফা তদন্ত চালাচ্ছে। লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর উপরে নেমে আসতে পারে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা।
















