আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন। জাতীয় দলের জার্সিতে তাঁর দীর্ঘ ১৬ বছরের পথচলা শেষ হল।
স্যান্টোসের হয়ে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সী এই তারকা। ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর থেকেই তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চলছিল নানা জল্পনা।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শেষ হয় শেষ ষোলোতেই। নরওয়ের কাছে হারের ম্যাচটিই হয়ে ওঠে নেইমারের জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। বিদায়ের মুহূর্তে কোনও আক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি। বরং ব্রাজিলের হলুদ জার্সির জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন বলেই দাবি করেছেন এই ফরোয়ার্ড।
নেইমার বলেন, “জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস তৈরি করেছি, অনেক আনন্দ পেয়েছি। আমি আমার রক্ত, জীবন দিয়ে খেলেছি। সবসময় হলুদ জার্সির জন্য লড়াই করেছি। কিন্তু এখন আর আমি তা করতে চাই না।”
নেইমারের অবসরের মধ্যে দিয়ে ব্রাজিল ফুটবলের অন্যতম সেরা আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি ঘটল। জাতীয় দলের হয়ে তিনি সর্বোচ্চ গোলদাতার মর্যাদা অর্জন করেছেন এবং একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
সমালোচনা ও বিতর্কের মাঝেও মাঠে নিজের অবদান রেখেছেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে স্যান্টোসের ৪-২ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলকে কোপা সুদামেরিকানার শেষ ষোলোয় পৌঁছে দিয়েছেন তিনি। পরবর্তী রাউন্ডে স্যান্টোসের প্রতিপক্ষ ইকুয়েডরের ক্লাব ম্যাকার। ব্রাজিলের হলুদ জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে। যদিও ক্লাব ফুটবল খেলবেন তিনি। ব্রাজিল ফুটবলে বড় এক শূন্যতা তৈরি হল নেইমারের বিদায়ে।
















