আজকাল ওয়েবডেস্ক: বরোদার হয়ে লাল বলের ক্রিকেটে দেখা যেতে পারে হার্দিক পাণ্ডিয়াকে। বরোদা ক্রিকেট সংস্থার একটি সূত্র মতে, ২০২৪-২৫ ঘরোয়া মরশুমেই পাণ্ডিয়াকে খেলতে দেখা যেতে পারে। 

চলতি বছরের শেষের দিকে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। সেই কথা মাথায় রেখেই হয়তো প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে চলেছেন এই তারকা অলরাউন্ডার। 

সম্প্রতি লাল বলে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। ২০১৮ সালের পরে প্রথম শ্রেণির ক্রিকেটে আর নামেননি পাণ্ডিয়া। বরোদার হয়ে সাদা বলের ক্রিকেটেও তিনি নামার পরিকল্পনা করছেন বলেই খবর।

জাতীয় দলের হয়ে শেষ বার টেস্ট ক্রিকেটে পাণ্ডিয়া নেমেছেন সেই ২০১৮ সালে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতের তারকা অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৮ তাঁর সর্বোচ্চ রান। 

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত ঘুরিয়ে পাঁচ উইকেটও নিয়েছেন হার্দিক। সেই হার্দিক পাণ্ডিয়া জাতীয় দলের হয়ে টেস্ট ফরম্যাটে ফিরতে আগ্রহী।