আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পর পর দুই টেস্টে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর। সমর্থকরা প্রশ্ন তুলেছেন তাঁর কোচিং স্ট্র্যাটেজি নিয়েও। প্রশ্নের মুখে জিজির কোচিং কেরিয়ার। ১২ বছর পর দেশের মাটিতে সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে।

 

 

কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরেও একদিনের সিরিজে হার সহ্য করতে হয়েছিল রোহিতদের। এবার গৌতম গম্ভীরকে নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি জানান, কিনিউজিল্যান্ড ভারতকে ভারতে এসে সহজেই হারিয়েছে। এটা একটা বড় চিন্তার বিষয়। গম্ভীর সদ্য দায়িত্ব নিয়েছে এবং ভারতীয় দলের কোচের কাজ সহজ নয়।

 

 

তবে আশা করি, ও দ্রুত শিখে নেবে।' এর আগে এক সাক্ষাৎকারে শাস্ত্রীর সমালোচনা করেছিলেন গম্ভীর। বলেছিলেন, আমি জানি না ওর কেরিয়ারে শাস্ত্রী কী অর্জন করেছে। একমাত্র অস্ট্রেলিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ ছাড়া, কখনও দেশের বাইরে কোনও সিরিজ জয়ী দলের সদস্য ছিল বলেও মনে হয় না।

 

 

তবে শাস্ত্রী সেই মন্তব্য টেনে আনেননি। তবে এই হারের পর চিন্তায় পড়ে গিয়েছেন সমর্থকরা। সামনেই বর্ডার গাভাসকার ট্রফি। নিউজিল্যান্ড সিরিজের ফলাফল কী সেখানে অশনি সংকেত দিচ্ছে? তা নিয়ে উঠছে প্রশ্ন।