আজকাল ওয়েবডেস্ক: নাটকীয়তায় ভরা মিশর-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বিতর্ক যেন থামছেই না। গোল বাতিল, পেনাল্টি না দেওয়া এবং ম্যাচ ফিক্সডের অভিযোগের পর এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও  নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি মিশরের রিজার্ভ বেঞ্চের সামনে দাঁড়িয়ে কিছু বলছেন। 

মিশরের হেড কোচ হোসাম হাসান রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে দুই হাত ক্রস করে ইঙ্গিত করেন, যা নিয়েও শুরু হয় আলোচনা। 

ঠিক সেই সময় মেসি মিশরের ডাগআউটের সামনে গিয়ে কিছু বলতে চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মেসি মিশরের বেঞ্চের দিকে কিছু বলার পর সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজ ও লিয়ান্দ্রো পারেদেস তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। 

 মিশরের গোলকিপিং কোচ সাফান এল-সাঘির মাঠে নেমে মেসির দিকে এগিয়ে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। ভিডিওয় তাঁকে চিৎকার করতে, মেসির দিকে তেড়ে যেতে দেখা যায়।  

?ref_src=twsrc%5Etfw">July 8, 2026

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে মিশরের কোচিং স্টাফের অন্য সদস্য ও বেঞ্চে থাকা কয়েকজন খেলোয়াড় সাফান এল-সাঘিরকে সরিয়ে নেন। পরে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। 

এদিকে ম্যাচের শেষ দিকে মিশরের হেড কোচ হোসাম হাসানও হলুদ কার্ড দেখেন। রেফারির সঙ্গে তর্কের সময় তাঁকে দুই হাত ক্রস করে ইশারা করতে দেখা যায়। সাধারণভাবে এই ইশারা বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ জানাতে ব্যবহৃত হলেও, এ ঘটনায় তিনি সেই উদ্দেশ্যে ইঙ্গিত করেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে মিশরের পরিবর্ত খেলোয়াড় এবং সহকারী কোচ ইব্রাহিম হাসান এগিয়ে এসে তাঁর হাত নীচে নামিয়ে দেন।

নতুন ভিডিও প্রকাশ্যে আসার পর ম্যাচ-পরবর্তী উত্তেজনা ও বিতর্ক আরও তীব্র হয়েছে। যদিও ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কোনও পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি।