দুপুরের খাবার খান না, সকালে পাতে থাকে স্টেক, ডিম! ৫৫ বছর বয়সে ইলন মাস্কের রোজকার ডায়েট জানলে অবাক হবেন
নিজস্ব সংবাদদাতা
২৩ নভেম্বর ২০২৬ ২০ : ৩৪
শেয়ার করুন
1
8
বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি ইলন মাস্কের জীবনযাপন নিয়ে কৌতূহলের শেষ নেই। কাজের ব্যস্ততা থেকে ব্যক্তিগত অভ্যাস, সব কিছু নিয়েই চর্চা চলে। তবে তাঁর খাবারের তালিকা শুনলে অবাক হতে পারেন অনেকেই। সকালে কী খান তিনি? কেন দুপুরের খাবার এড়িয়ে যান? নিজের প্রতিদিনের ডায়েট সম্পর্কে সম্প্রতি মুখ খুলেছেন মাস্ক।
2
8
দিনের শুরুটা একেবারে অন্যভাবে করেন টেসলা ও স্পেসএক্সের কর্ণধার। সকালে তাঁর পাতে থাকে স্টেক এবং ডিম। সঙ্গে থাকে এক কাপ কফি। অর্থাৎ, সকালের খাবারে প্রোটিনসমৃদ্ধ খাবারকেই প্রাধান্য দেন তিনি। সাধারণ ব্রেকফাস্টের বদলে এমন খাবারই তাঁর পছন্দ। নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে এই তথ্যই জানিয়েছেন মাস্ক।
3
8
মাস্কের খাদ্যাভ্যাসের সবচেয়ে চমকপ্রদ দিক তাঁর দুপুরের খাবার। সাধারণত তিনি দুপুরে খাওয়াদাওয়া করেন না। কাজের ব্যস্ততার মাঝেও নিয়ম করে লাঞ্চ করার অভ্যাস নেই তাঁর। তবে এর অর্থ এই নয় যে, কোনও দিনই দুপুরে খাবার খান না। কখনও খেলে খুব সামান্য পরিমাণে খান বলে জানিয়েছেন তিনি। আর এই অভ্যাসই এখন আলোচনার কেন্দ্রে।
4
8
সকালের খাবার নিয়ে নির্দিষ্ট পছন্দ থাকলেও রাতের মেনুতে তেমন কোনও নিয়ম মানেন না মাস্ক। কখনও পছন্দের খাবার, কখনও আবার পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তাঁর ডিনারের তালিকা। সামাজিক অনুষ্ঠান কিংবা বাইরে খাওয়াদাওয়ার পরিকল্পনা থাকলে সেই অনুযায়ী খাবার বেছে নেন তিনি। অর্থাৎ, রাতের খাবারের ক্ষেত্রে নিজের পছন্দ এবং পরিস্থিতিকেই গুরুত্ব দেন এই ধনকুবের।
5
8
পছন্দের খাবারের কথা উঠতেই একেবারে স্পষ্ট উত্তর দিয়েছেন ইলন মাস্ক। তাঁর সবচেয়ে পছন্দের খাবার আমেরিকান কুইজিন। আর সারা জীবন যদি মাত্র একটি খাবার খেয়ে বেঁচে থাকতে হয়, তা হলে তাঁর পছন্দ চিজবার্গার। এই খাবারের প্রতি নিজের ভালবাসার কথাও জানিয়েছেন তিনি। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির পছন্দের খাবার যে এত সাধারণ, তা শুনে অবাক হতেই পারেন!
6
8
সম্প্রতি প্রযুক্তি দুনিয়ার কয়েকজন শীর্ষ কর্তার খাদ্যাভ্যাস নিয়ে সমাজমাধ্যমে একটি আলোচনা শুরু হয়। ফ্রিস্টাইল ক্লাউডের সহ-প্রতিষ্ঠাতা বেন সোয়ারলো এক্স-এ লেখেন, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান, অ্যানথ্রপিকের ডারিও আমোডেই এবং গুগলের সুন্দর পিচাই নিরামিষ খাবার খান। সেই পোস্টের জবাবেই নিজের খাবারের তালিকা প্রকাশ করেন মাস্ক। জানান, প্রতিদিন সকালে স্টেক, ডিম এবং কফি দিয়েই দিন শুরু করেন তিনি।
7
8
গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সকালের খাবারের তালিকাও বেশ সাধারণ। জানা যায়, তাঁর ব্রেকফাস্টে থাকে ডিম, টোস্ট এবং চা। অন্যদিকে মাস্কের সকালের খাবারের তালিকায় রয়েছে স্টেক, ডিম এবং কফি। একই প্রযুক্তি দুনিয়ার শীর্ষে থাকা ব্যক্তিদের খাবারের পছন্দ যে কতটা আলাদা হতে পারে, এই তুলনাতেই তা স্পষ্ট।
8
8
ইলন মাস্কের খাদ্যাভ্যাস শুনে অনেকেই হয়তো দুপুরের খাবার বাদ দেওয়ার কথা ভাবতে পারেন। কিন্তু প্রত্যেকের শরীরের প্রয়োজন এক নয়। বয়স, শারীরিক পরিশ্রম, দৈনন্দিন কাজ এবং স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে খাবারের চাহিদা। তাই কোনও ধনকুবেরের ডায়েট দেখে নিজের খাবারের রুটিন বদলে ফেলা ঠিক নয়। সুস্থ থাকতে প্রয়োজন সুষম খাবার, পর্যাপ্ত জল এবং নিয়মিত জীবনযাপন। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই ভাল।