আজকাল ওয়েবডেস্ক: দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হার। এমন পরাজয় সহজে মেনে নিতে পারছেন না মিশরের কোচ হাসান। দলের হারের পিছনে শুধু মাঠের ভুল নয়, পরোক্ষভাবে ফিফা ও রেফারির সিদ্ধান্তকেও দায়ী করেছেন তিনি।
আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মিশর। পরে রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ঘুরে দাঁড়িয়ে জয় পায় আর্জেন্টিনা। তবে ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মিশর কোচ।
হোসাম হাসানের অভিযোগ, ভিএআর পর্যালোচনায় তাদের একটি গোল বাতিল করা হলেও আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে আলেক্সিস ম্যাক আলিস্টারের ফাউলের বিষয়টি খতিয়ে দেখা হয়নি। তাঁর দাবি, মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরের কিছু বিষয়ও ম্যাচের ফলকে প্রভাবিত করেছে।
বিদায়ের পর সাংবাদিক বৈঠকে হাসান বলেন, ''বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভাল খেলেছি। প্রায় সব দিক থেকেই আমরা এগিয়ে ছিলাম। কিন্তু মাঠের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফল বদলে দিয়েছে।''
তিনি আরও বলেন, ''হয়তো তারা চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি থেকে যাক।''
আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে দাবি করে মিশর কোচ বলেন, ফুটবলে কখনও কখনও খেলোয়াড়দের পারফরম্যান্সের চেয়েও বাইরের বিষয় ম্যাচের ওপর বেশি প্রভাব ফেলে।
ম্যাচের রেফারি ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। রেফারি নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছিল মিশর বলে দাবি করেন হাসান।
মিশর কোচ আরও অভিযোগ করেন, মহম্মদ সালাহর ওপর হওয়া ফাউলের ঘটনায় সম্ভাব্য পেনাল্টি দেওয়া হয়নি এবং ভিএআরেও বিষয়টি দেখা হয়নি। পাশাপাশি তাঁদের দ্বিতীয় গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ম্যাক আলিস্টারের বিরুদ্ধে অভিযোগ তুলে হাসান বলেন, “সবাই দেখেছে আমাদের খেলোয়াড়ের জার্সি টেনে ধরা হয়েছিল। অথচ সেটিও ভিএআরে দেখা হয়নি। খেলাধুলাতেও কেন ন্যায্য ব্যাপার থাকবে না?''
ম্যাচ শেষে রেফারি লেতেক্সিয়েরের সঙ্গে তাঁর কথা কাটাকাটির বিষয়েও কথা বলেন হাসান। তিনি বলেন, “আমি রেফারিকে বলেছি, এটা অন্যায়। আমি বলেছি, হয়তো তাঁর লুকানোর কিছু আছে। কেউ যদি কিছু লুকানোর চেষ্টা করে, অনেক সময় সেটি লুকিয়ে রাখতে পারে না।”
টুর্নামেন্ট থেকে বিদায়ের পর হতাশ মিশর কোচ শেষ পর্যন্ত বলেন, “যাই হোক, আমার কাজ শেষ। এই টুর্নামেন্টের আর কোনো ম্যাচ আমি দেখব না।”















