আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার মাঠে নামছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে এস্তাদিও আকরনে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচে জয় পেলেই দুই দলের যেকোনও একটি দল রাউন্ড অফ ৩২-এ নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলবে। বিশ্বকাপের এবারের ৪৮ দলের বর্ধিত ফরম্যাটে গ্রুপ পর্ব থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি থার্ড পজিশন টিমও নকআউট পর্বে উঠবে।

ফলে মেক্সিকো বা দক্ষিণ কোরিয়া যে দলই বৃহস্পতিবার জিতুক না কেন, তারাই পরের রাউন্ডে জায়গা করে নেবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়াও তাদের প্রথম ম্যাচে চেকিয়ার বিরুদ্ধে জয় তুলে নিয়েছে। ফলে দুই দলই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে। বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয় পেলেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলে মনে করছেন মেক্সিকোর কোচ জাভিয়ের আগুয়েরে।

তিনি বলেন, ‘প্রতিপক্ষের আক্রমণাত্মক ট্রানজিশন নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা যখন আক্রমণে যাব, তখন কোনওভাবেই রক্ষণে অসতর্ক হওয়া যাবে না। যদি দু’জন কোরিয়ান খেলোয়াড় সামনে থাকে, তাহলে তাদের মোকাবিলায় তিন জন মেক্সিকানকে প্রস্তুত থাকতে হবে।’

দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলেই নকআউটের রাস্তা আরও সহজ হয়ে যাবে। অন্যদিকে, এই ম্যাচের দক্ষিণ কোরিয়ার অনুশীলনে ড্রোন ওড়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট অনুযায়ী, বিশেষ সামরিক প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার অনুশীলন কেন্দ্রের কাছে একটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়।