আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ভিসা-সংক্রান্ত বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও দেশের সরকার কাকে প্রবেশের অনুমতি দেবে আর কাকে দেবে না, সেই সিদ্ধান্তে ফিফার হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। একইসঙ্গে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘শান্ত থাকুন, ধৈর্য ধরুন। আমরা সমস্যার সমাধানে কাজ করছি।’
বুধবার মেক্সিকো সিটিতে প্রায় ৬৬ মিনিটের সাংবাদিক বৈঠকে ইনফান্তিনো বিশ্বকাপের আগে তৈরি হওয়া একাধিক বিতর্ক নিয়ে কথা বলেন। এমনকী, সোমালিয়ান রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়া এবং ইরানের অংশগ্রহণ ঘিরে উদ্বেগ নিয়েও মুখ খোলেন তিনি।
বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত চূড়ান্ত রেফারিদের তালিকায় স্থান পেয়েছিলেন ওমর আরতান। প্রথম সোমালিয়ান রেফারি হিসেবে বিশ্বকাপ পরিচালনার দায়িত্ব এসেছিল তাঁর কাঁধে।
কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। ইস্তানবুল থেকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। উল্টে ঘণ্টার পর ঘণ্টা তাঁকে আটকে রাখা হয়। তারপর ফিরিয়ে দেওয়া হয় দেশে।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা দাবি করেন, ‘সন্ত্রাসবাদী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে যোগাযোগের অভিযোগে’ আরতানকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করলেও ইনফান্তিনো বলেন, ‘আমরা সবসময় সমাধান খোঁজার চেষ্টা করি। কিন্তু সরকার, পুলিশ বা প্রশাসনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। আমরা ক্রীড়া নিয়ামক সংস্থা, আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে হয়।’
তিনি আরও বলেন, ‘ওমর আরতানের ক্ষেত্রে যা ঘটেছে তা অবশ্যই দুঃখজনক। তবে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা আলোচনা করব, পরিস্থিতি বুঝে সমাধানের চেষ্টা চালিয়ে যাব।’
ফিফা সভাপতির মতে, সংবেদনশীল বিষয়ে তড়িঘড়ি জনসমক্ষে সমালোচনা বা চাপ সৃষ্টি করলে অনেক সময় সমাধানের পথ আরও কঠিন হয়ে যায়। তাঁর কথায়, ‘চিৎকার-চেঁচামেচি শুরু করলে অনেক ক্ষেত্রে তার উল্টো প্রভাব পড়ে।’ তিনি বলেন, ‘শান্ত থাকতে বলার অর্থ এই নয় যে আমরা কিছুই করছি না। আমাদের ওপর ভরসা রাখুন। আমরা নেপথ্যে কাজ করছি। সমাধানের চেষ্টা করছি।’
ইরানের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা সত্ত্বেও ইরানকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া ফিফার বড় সাফল্য। বর্তমানে ইরান মেক্সিকোর টিজুয়ানায় শিবির করেছে। যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে যাতায়াত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ।
ইনফান্তিনো বলেন, ‘ইরানকে আমেরিকায় খেলানোর ব্যবস্থা করা সহজ ছিল না। আমরা চাইব যেন সুষ্ঠুভাবে ম্যাচ খেলানো যায়।’
ভিসা-সংক্রান্ত বিতর্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফিফার কোনও অনুশোচনা নেই বলেও জানান তিনি।















