আজকাল ওয়েবডেস্ক: ৩৬ বছরে পা দিলেন বিরাট কোহলি। গত বছর এই সময় কলকাতার বুকে নিজের একদিনের ক্রিকেটের কেরিয়ারের ৪৯তম শতরান করেছিলেন বিরাট। ছুঁয়েছিলেন নিজের আদর্শ সচিন তেন্ডুলকারকে। তবে জন্মমাসটা দুর্দান্ত কাটলেও স্বপ্নভঙ্গ হয়েছিল ২৩ নভেম্বর রাতে। তারপর কেটে গিয়েছে এক বছর। এই এক বছরে দেশকে আরও বেশ কিছু আকর্ষণীয় ইনিংস উপহার দিয়েছেন বিরাট। পুত্র সন্তান হয়েছে তাঁর। তবে বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সমালোচনা চলছে, দাবি উঠছে অবসরের।
তবে সবকিছুকে ফেলে জন্মদিনের আগে লন্ডন উড়ে গিয়েছেন বিরাট। সেখানে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে জন্মদিন পালন করছেন তিনি। সেখান থেকেই বর্ডার গাভাসকার ট্রফি খেলতে উড়ে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ায়। ৩৫ বছর বয়সে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। তবে ৩৬ বছরে পা দিয়েও কোহলির ফিটনেস যথেষ্ট ঈর্ষণীয়। আর কতদিন ক্রিকেট খেলবেন তা হয়তো বলা যাচ্ছে না কিন্তু ক্রিকেটার হিসেবে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বিরাটের সামনে। ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া সব আইসিসি ট্রফি ছুঁয়ে ফেলেছেন তিনি।
২০০৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ, ২০১১ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৪ সালে সিনিয়র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। সামনে আর কী কী কঠিন চ্যালেঞ্জ রয়েছে বিরাটের কাছে? ২০২৫ সালের শুরুতে আইপিএল রয়েছে। সেখানে এবার অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বিরাটকে। কয়েকদিন পরেই রয়েছে বর্ডার গাভাসকার ট্রফি। সমর্থকরা আশা করে রয়েছেন সেখানে নিজের পুরনো ফর্ম ফিরে পাবেন বিরাট। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে। আগামী বছরের শুরুতেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সবশেষে, শততম শতরানের রেকর্ড ছুঁতে পারবেন কিং কোহলি? উত্তর দেবে সময়ই।
















