আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলে নেই হর্ষিত রানা। ছিটকে গিয়েছেন চোটের জন্য। শোনা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন পেসার সিমরজিৎ সিংকে দলে নেবে কলকাতা নাইট রাইডার্স। 


এটা ঘটনা ২০২৪ ও ২০২৫ সালে কেকেআরের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রানা। ২০২৪ সালে আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন। ২০২৫ সালে নিয়েছিলেন ১৫ উইকেট। দেশের হয়ে তিন ঘরানাতেই খেলেছেন। কিন্তু টি–২০ বিশ্বকাপের আগে এমন চোট পেলেন যে আইপিএলেও তিনি খেলতে পারবেন না।


শুধু রানা নন, মাথিসা পাথিরানাও চোটের জন্য অনিশ্চিত আইপিএলে। এখন দেখার সিমরজিৎ সিং সেই জায়গা ভরাট করতে পারেন কিনা।


এদিকে, হর্ষিত রানার চোটের অবস্থা ভয়াবহ। এবারের আইপিএল তিনি খেলতে পারছেন না। তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স এখনও কিন্তু জানায়নি যে রানা আইপিএলে খেলতে পারবেন না। 


এই পরিস্থিতিতে রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুষ্ঠানে দিল্লিতে গিয়েছিলেন হর্ষিত। গত বছর পুরুষদের ক্রিকেটে সেরা অভিষেক হওয়া ক্রিকেটারের পুরস্কারও পান তিনি। কিন্তু চেয়ার ছেড়ে মঞ্চে উঠতে পারেননি হর্ষিত। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল নিজে মঞ্চ থেকে নেমে হর্ষিতের কাছে গিয়ে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।


হর্ষিতের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ক্রাচ নিয়ে হাঁটছেন হর্ষিত। ভারতীয় বোর্ডের সেই অনুষ্ঠানে গেলেও হাঁটতে কষ্ট হচ্ছিল পেসারের। ডান হাতে ক্রাচ নিয়ে কোনওরকমে হাঁটছিলেন হর্ষিত। তাঁর হাঁটতে যাতে সমস্যা না হয়, তার জন্য সামনের ভিড় সরিয়ে দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা।


প্রসঙ্গত, ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। কলকাতার প্রথম খেলা ২৯ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে। এই অবস্থায় হর্ষিত তো হাঁটতেই পারছেন না। বল করার জন্য দৌড়াতে হবে। সেই ফিটনেস পেতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে তাঁর। তার পর মাঠে নামতে পারবেন পেসার। কেকেআর কিছু না জানালেও বোঝা যাচ্ছে, হর্ষিত এবারের আইপিএলে খেলতে পারবেন না।


তবে এটা ঘটনা, দল সরকারিভাবে কিছু না জানালেও কেকেআরের এক সূত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, হর্ষিতকে আইপিএলে পাওয়া যাবে না। কেকেআরের পেস আক্রমণ সমস্যায় রয়েছে। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে ব্লেসিং মুজারবানিকে সই করানো হয়েছে। এবার হর্ষিতের পরিবর্তে আকাশ মাধিওয়াল, সিমরজিৎ সিং, চেতন সাকারিয়াদের দিকে নজর রয়েছে কলকাতার। শোনা যাচ্ছে, রানার পরিবর্তে সাকারিয়াকে দলে নেবে কেকেআর। 
এটা ঘটনা, টি–২০ বিশ্বকাপের আগেই চোট পেয়েছিলেন হর্ষিত। খেলতে পারেননি টি–২০ বিশ্বকাপে। এখন যা অবস্থা, আইপিএলেও তিনি নেই।