আজকাল ওয়েবডেস্ক: এলিট অলরাউন্ডারদের তালিকায় যোগ দিলেন বেন স্টোকস। সেই তালিকায় তিনি ছাড়া আছেন একমাত্র জ্যাক কালিস। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই অন্যন্য নজির গড়েন। টেস্ট ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ করার পাশাপাশি ২৫০ উইকেটের মালিক। নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। শনিবার ৭০ রানে ৪ উইকেট তুলে নেন। ১২২ টেস্টে স্টোকসের সংগ্রহ ২৫০ উইকেট। গড় ৩১.০৩। তারমধ্যে ছ'বার নিয়েছেন পাঁচ উইকেট। সেরা বোলিং ২২ রানে ৬ উইকেট। ব্যাট হাতে করেছেন ৭২৪৩ রান। গড় ৩৪.৪৯। তারমধ্যে রয়েছে ১৪টি শতরান এবং ৩৭টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ২৫৮। 

ম্যাথিউ হোগার্ডকে টপকে ইংল্যান্ডের নবম সর্বোচ্চ উইকেট শিকারি হন স্টোকস। হোগার্ডের ছিল ২৪৮ উইকেট। এই তালিকায় স্টোকস ছাড়া একমাত্র কালিস রয়েছেন। তিনি অবশ্য অনেকটাই এগিয়ে আছেন। ১৬৬ টেস্ট এবং ২৮৯ ইনিংসে প্রোটিয়া তারকার রান ১৩,২৮৯। গড় ৫৫.৩৭। তারমধ্যে রয়েছে ৪৫ শতরান, ৫৮ অর্ধশতরান। উইকেটের সংখ্যা ২৯২। গড় ৩২.৬৫। তারমধ্যে পাঁচবার পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে। সেরা বোলিং ৫৪ রানে ৬ উইকেট। 

এবার আসা যাক ম্যাচের কথায়। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিলান্ড। টম লাথাম এবং ডেভন কনওয়ে ওপেনিং জুটিতে ৩১৭ রান যোগ করে। লাথাম করেন ১৫১ রান। কনওয়ে করেন ১৫৭। প্রথম ইনিংসে ৪৩৮ রান তোলে কিউয়িরা। ৭০ রানে ৪ উইকেট নেন স্টোকস। জোফ্রা আর্চার এবং শোয়েব বশির নেন জোড়া উইকেট। তৃতীয় দিনের লাঞ্চে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ৩১৪।