আজকাল ওয়েবডেস্ক: চিরাচরিত প্রথা মেনেই আগামী ১ আগস্ট ১০৭-তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন করবে ইস্টবেঙ্গল ক্লাব। প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে তুলতে দিনভর একাধিক কর্মসূচির আয়োজন করেছে লাল-হলুদ কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ১১টায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরি, শৈলেশ বসু এবং নসা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর ক্লাব পতাকা উত্তোলন করা হবে।

বিকেল ৫টায় নজরুল মঞ্চে আয়োজিত হবে প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান। সেখানে ক্রীড়া ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানাবে ইস্টবেঙ্গল ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

এবার ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করা হবে বিশিষ্ট অর্থনীতিবিদ, ইতিহাস-গবেষক ও লেখক সঞ্জীব সান্যাল ও বলিউডের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে।

 নসা সেন নামাঙ্কিত লাইফ টাইম অ্যাওয়ার্ড পাবেন প্রাক্তন অধিনায়ক (১৯৮৫) বলাই মুখার্জি এবং ব্যোমকেশ বসু নামাঙ্কিত লাইফ টাইম অ্যাওয়ার্ড প্রদান করা হবে প্রাক্তন অধিনায়ক (১৯৮৬) তরুণ দে-কে।

অজয় বসু নামাঙ্কিত সাংবাদিক অ্যাওয়ার্ড পাচ্ছেন বিক্রান্ত গুপ্তা এবং পুষ্পেন সরকার নামাঙ্কিত চিত্র সাংবাদিক অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন শঙ্কর নাগ দাস। রেফারিদের মধ্যে পঙ্কজ গুপ্ত নামাঙ্কিত অ্যাওয়ার্ড পাবেন ভোলানাথ দত্ত এবং প্রতুল চক্রবর্তী নামাঙ্কিত অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন পীযূষ রায়।

ফুটবলে বনোয়ারীলাল নামাঙ্কিত ‘ফুটবলার অফ দ্য ইয়ার’ সম্মান যৌথভাবে পাচ্ছেন আনোয়ার আলি ও সাথী দেবনাথ। জীবন চক্রবর্তী নামাঙ্কিত বছরের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন এডমুন্ড লালরিনডিকা। ক্রিকেটে গোপাল বসু নামাঙ্কিত ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ঋতম পোড়েল।

এছাড়া স্বপন বল নামাঙ্কিত ‘সাপোর্টার অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হবেন মনোময় ভট্টাচার্য, ঋজু দাস, কল্পনা চক্রবর্তী এবং শ্যামল মজুমদার। প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত অ্যাওয়ার্ড পাচ্ছেন বিনো জর্জ। ‘প্রাইড অফ বেঙ্গল’ অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন সুলঞ্জনা রাউল। ‘সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবং ‘এক্সিলেন্স ইন মুভি অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হবেন পরিচালক কৌশিক গাঙ্গুলী।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষের আশা, প্রাক্তন ও বর্তমান সদস্য-সমর্থকদের উপস্থিতিতে এবারের অনুষ্ঠানও উৎসবের আবহে পালিত হবে।