আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। এমনটাই শোনা গিয়েছিল। তবে কেকেআরের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। এখন জানা যাচ্ছে, আইপিএলের বেশিরভাগ অংশটাই খেলতে পারবেন না রানা।
হাঁটুর চোটে জেরবার রানা। রবিবার দিল্লিতে বোর্ডের পুরস্কার অনুষ্ঠানে ক্র্যাচ নিয়ে এসেছিলেন। হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। টি–২০ বিশ্বকাপের আগেই এই চোটটা পেয়েছিলেন রানা। যার ফলে বিশ্বকাপ খেলা হয়নি। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, বোর্ড এখনও হর্ষিত রানার ফেরার বিষয়ে কিছু বলেনি। টি–২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে লিগামেন্ট ও হাঁটুতে চোট পেয়েছিলেন রানা। যা এখনও সারেনি। রিহ্যাব চলছে রানার।
ওই ওয়ার্ম আপ ম্যাচে মাত্র একটা ওভার করেছিলেন রানা। তারপরেই চোটের জন্য ছিটকে যান। তাঁর পরিবর্তে দলে আসেন মহম্মদ সিরাজ।
গত রবিবার সেরা প্রতিশ্রুতিমান অভিষেককারীর পুরস্কার পেয়েছেন রানা। সেই অনুষ্ঠানে ছিলেন তিনি। এদিকে, বুধবার থেকে প্রি–সিজন শুরু করছে কলকাতা। রানা না থাকায় কেকেআরের পেস আক্রমণে আছেন বৈভব অরোরা, আকাশদীপ, উমরান মালিক, কার্তিক ত্যাগী, ক্যামেরুন গ্রিন ও রমনদীপ সিং।
কলকাতার প্রথম ম্যাচ ২৯ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে। খেলা হবে ওয়াংখেড়েতে।
এদিকে, ২০২৭ বিশ্বকাপ অবধি তাঁর সঙ্গে চুক্তি রয়েছে। তারপর কে হবেন ভারতের কোচ। বর্তমান কোচ গৌতম গম্ভীর কিন্তু বলছেন মহেন্দ্র সিং ধোনির কথা।
এটা ঘটনা গম্ভীর জমানায় ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এশিয়া কাপ জিতেছে। জিতেছে ২০২৬ সালে টি–২০ বিশ্বকাপও। এখন গম্ভীরের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ জয়।
এক অনুষ্ঠানে এসেছিলেন গম্ভীর। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল ধোনি তো মাঠে এসেছিলেন। খেলা দেখেছেন। তা শুনে গম্ভীর বলেন, ‘খুব ভাল লেগেছে উনি খেলা দেখতে এসেছিলেন। আমি তো ভাবছি একদিন ধোনি ভারতের কোচ হবে। আমার জায়গায় থাকবে। ডাগআউটে বসবে।’
