আজকাল ওয়েবডেস্ক: অস্কার ব্রুজোঁ অধ্যায় শেষ ইস্টবেঙ্গলে। স্প্যানিশ কোচ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন, তিনি লাল-হলুদ ছেড়ে যাচ্ছেন অন্যত্র। সূত্রের খবর, তাঁর নতুন ঠিকানা ইন্দোনেশিয়ার ক্লাব। 'ভয়ঙ্করা' ক্লাবে ইন্টারভিউ দিয়েছেন অস্কার।
আইএসএল জয়ী কোচ ইস্টবেঙ্গলে হাতছাড়া হতেই ভেসে উঠেছে আন্তোনিও লোপেজ হাবাসের নাম। তাঁর পাশাপাশি শোনা যাচ্ছে মানোলো মার্কেজের নাম।
আন্তোনিও লোপেজ হাবাস এই বঙ্গের ফুটবলে পরিচিত নাম। এটিকে এবং পরবর্তীকালে মোহনবাগানকে সাফল্য এনে দিয়েছেন তিনি। সেই হাবাসের নাম ভাসছে ইস্টবেঙ্গলে।
মানোলো মার্কেজ আবার এফসি গোয়া ছেড়ে দিয়েছেন। তাঁকে নিয়েও আগ্রহী ইস্টবেঙ্গল কর্তারা। এই মুহূর্তে এই দুই স্প্যানিশ কোচের নাম ঘোরাফেরা করছে ইস্টবেঙ্গল তাঁবুতে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে লাল-হলুদের রিমোট কন্ট্রোল তার উত্তর দেবে সময়।
এদিকে ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত মাত্র দু'জন বিদেশি ফুটবলার সই করেছেন। একজন মহম্মদ রশিদ। অন্যজন দানি রামিরেজ। রশিদ গতবার দলে ছিলেন ইন্টার কাশীর বিরুদ্ধে শেষ ম্যাচে রশিদের গোলেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে দানি রামিরেজকে পাঞ্জাব এফসি থেকে সই করানো হয়েছে লাল-হলুদে।















