আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন তারকা অম্বতি রায়ডু কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার সুনীল নারিনকে আইপিএলের সর্বকালের সেরা ক্রিকেটার বলে আখ্যা দিলেন। কলকাতা বনাম গুজরাট ম্যাচ ছিল হাইস্কোরিং। সেই ম্যাচে নারিনের দুরন্ত বোলিং স্পেলের পরই এমন মন্তব্য করেন তিনি।

আইপিএলে নিজের ২০০-তম ম্যাচ খেলতে নেমে ম্যাচের সেরার পুরস্কার জেতেন সুনীল নারিন। চার ওভারে মাত্র ২৯ রান খরচ করে দু'টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তাঁর শিকার শুভমন গিল ও নিশান্ত সিন্ধু। শেষ পর্যন্ত ২৯ রানে জিতে প্লে-অফের দৌড়ে টিকে থাকে কেকেআর। 

এক শোয়ে রায়ডু বলেন, ''বল হাতে হোক বা ব্যাট হাতে, নারিন একজন প্রকৃত ম্যাচ উইনার। আইপিএলে অনেক বড় বড় ক্রিকেটার এসেছে, কিন্তু ও সবসময় আলাদা করে নজর কেড়েছে। আমার কাছে ও-ই তালিকার শীর্ষে।''

একই সঙ্গে রায়ডু ব্যাখ্যা করে জানান কেন রশিদ খান এই ম্যাচে ব্যর্থ হন। গুজরাটের আফগান স্পিনার চার ওভারে ৫৭ রান দেন, যেখানে নারিন অনেক বেশি কার্যকর ছিলেন।

রায়ডুর মতে, ''এই ধরনের উইকেটে রশিদের একটা সমস্যা রয়েছে। ওর বেশিরভাগ বলই টপস্পিন হওয়ায় ব্যাটে দ্রুত চলে আসে। কিন্তু নারিনের বল পিচে পড়ে একটু থেমে যায়। ওর বল কখনও ব্যাটে স্কিড করে আসে না। তাই ব্যাটসম্যানদের পক্ষে ওকে লাইনে আনা খুব কঠিন হয়ে পড়ে।''

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১১ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন সুনীল নারিন। তাঁর গড় ২২.১৫ এবং ইকোনমি রেট মাত্র ৬.৬৯, যা পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা। 

আইপিএলের ইতিহাসে ২০০-র বেশি উইকেট নেওয়া একমাত্র বিদেশি বোলারও নারিন। ২০০ ম্যাচে তিনি মোট ২০৫টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় তিনি বর্তমানে তৃতীয় স্থানে। এছাড়া এক ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও তাঁর দখলে।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে তাঁর সবচেয়ে কাছাকাছি রয়েছেন জশপ্রীত বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্স তারকা ১৫৭ ম্যাচে ১৮৬ উইকেট নিয়েছেন।