আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়ডু রাজস্থান রয়্যালস তারকা যশস্বী জয়সওয়ালকে পরামর্শ দিয়ে বলেছেন, তাঁর রাজস্থান রয়্যালস ছেড়ে দেওয়া উচিত, যাতে তিনি নতুন পরিবেশে নিজের প্রতিভা আরও ভালভাবে প্রকাশ করতে পারেন। 

রায়ডুর মতে, রাজস্থানে জয়সওয়াল অনেক সময় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছেন। চলতি মরশুমে সূর্যবংশী দারুণ ফর্মে থেকে ইতিমধ্যেই ৬৮০ রান করে অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। অন্যদিকে, জয়সওয়াল ১৫ ম্যাচে ৪২৬ রান করেছেন এবং দলের অধিনায়কত্বও করেছেন দুই ম্যাচে, তবে ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সানরাইজার্সের বিরুদ্ধে এলিমিনেটরে জয়সওয়াল ২৯ বলে ২৯ রান করলেও, সূর্যবংশী একই সংখ্যক বল খেলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

রায়ডু বলেন, ''জয়সওয়াল একজন ম্যাচ উইনার, কিন্তু একই দলে এমন ব্যাটারের সঙ্গে খেললে বারবার ছায়ায় ঢাকা পড়ে যেতে পারে। তাকে এমন দলে যেতে হবে যেখানে সে নিজের মতো করে ম্যাচ জেতাতে পারবে।''

রায়়ডু আরও বলেন, দলে একজন সিনিয়র পার্টনার থাকা জরুরি, যিনি নিজের পারফরম্যান্স নিয়ে না ভেবে অন্যের উত্থানকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন। 

এই প্রসঙ্গে জয়সওয়ালের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের নামও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, রোহিত শর্মা কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছনোর কারণে মুম্বই ইন্ডিয়ান্স জয়সওয়ালের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম হতে পারে।

এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন চর্চা, জয়সওয়ালের ভবিষ্যৎ কি সত্যিই বদলাতে চলেছে?