আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল শেষ হলেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ক্রিকেটাররা। ভারতীয় দলও তার ব্যতিক্রম নয়। আইপিএলের পরেই রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ। তারপর ইংল্যান্ডে যাবে দল। কিন্তু এই দুই সিরিজে অনিশ্চিত দুই পেসার হর্ষিত রানা ও আকাশদীপ।


বোর্ড সূত্রে খবর, এখনও ফিট নন দু’‌জনে। কবে ফিরবেন সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রসঙ্গত, পিঠের চোটের জন্য দীর্ঘদিন ক্রিকেটের বাইরে আকাশদীপ। তিনি এখন রিহ্যাব শুরু করেছেন। অন্য দিকে, টি–২০ বিশ্বকাপের কয়েক দিন আগে হাঁটুতে অস্ত্রোপচার হয় হর্ষিতের। তিনিও খেলার জায়গায় নেই। দু’জনেই কেকেআরের বোলার এবং আইপিএলে খেলতে পারছেন না।


বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘‌আকাশ এবং হর্ষিতের রিহ্যাব ঠিকঠাকই চলছে। কিন্তু ম্যাচ খেলার মতো ফিট হওয়ার জন্য এখনও লম্বা পথ বাকি। আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজের কথা যদি ধরা হয়, তাহলে দু’জনের কারও খেলার সম্ভাবনা প্রায় নেই। ওরা এখনও পেশি শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। আপাতত জগিং, হালকা এবং জোরে দৌড়ের মতো অনুশীলন করছে। চিকিৎসকদের অনুমতি পেলে তবেই মাঠে নামতে পারবে। কবে ফিরবে সেটা এখনই বলা যাচ্ছে না।’‌


এটা ঘটনা, আকাশদীপ মূলত টেস্ট ক্রিকেট খেলেন। হর্ষিত সাদা বলের ক্রিকেটে। দুই ফরম্যাটেই ভারতের একাধিক ম্যাচ রয়েছে ভবিষ্যতে। ২০২৫ সালে হর্ষিত একদিনের ক্রিকেটে ভারতের সফলতম বোলার ছিলেন। ১৪টি ম্যাচে ২৬টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে আকাশদীপ গত বছর ইংল্যান্ড সিরিজে বার্মিংহাম টেস্টে ১২টি উইকেট নিয়েছিলেন।


এক রিপোর্টে দাবি করা হয়েছে, হর্ষিতের থেকেও আকাশদীপের সুস্থ হয়ে উঠতে বেশি সময় লাগবে। আগস্টে দলীপ ট্রফি রয়েছে। সেই প্রতিযোগিতার মাধ্যমে আকাশদীপ ফিরতে পারেন। এমনটাই জানা গেছে বোর্ড সূত্রে।