আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ পাকিস্তান সুপার লিগের নীতির সমালোচনা করেছেন। পিএসএল খেলতে আসা ক্রিকেটাররা আইপিএলে যোগ দিলে নিষেধাজ্ঞার মুখে পড়ছেন। তাঁর মতে, এমন পদক্ষেপের পরিবর্তে পিএসএলের উচিত নিজেদের মান ও অবস্থান উন্নত করার দিকে মনোযোগ দেওয়া।
নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, বর্তমান সময়ে আইপিএল যেভাবে বিশ্বের তারকা ক্রিকেটারদের আকর্ষণ করছে, সেখানে নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাঁর কথায়, ''কারা নিষিদ্ধ হল বা হল না, এটা নয়, বড় ছবিটা দেখতে হবে।''
তিনি আরও দাবি করেন, পিএসএলে বর্তমানে মূলত এমন খেলোয়াড়রা খেলছেন যারা আইপিএল থেকে অবসর নিয়েছেন বা সেখানে সুযোগ হারিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের নাম উল্লেখ করেন। শেহজাদ বলেন, সুযোগ পেলে যে কোনও খেলোয়াড়ই আইপিএলকে অগ্রাধিকার দেবে, কারণ এটি এখন বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ।
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল চুক্তি ভেঙে আইপিএলে যোগ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানির ইসলামাবাদ ইউনাইটেডের চুক্তি থাকা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। এর জন্য দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মুজারাবানিকে।
বোর্ড জানিয়েছে, আগেই চুক্তি স্বাক্ষর করার পরও তা ভঙ্গ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই ধরনের পরিস্থিতিতে স্পেন্সার জনসন ও দাসুন শানাকার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে শেহজাদ জিম্বাবোয়ের তারকা মুজারাবানির ক্ষেত্রে পিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানালেও তিনি সতর্ক করেছেন যে, নিষেধাজ্ঞা নয়, বরং পিএসএলের ব্র্যান্ড ও প্রতিযোগিতামূলক মান উন্নয়নই হওয়া উচিত মূল লক্ষ্য।
বিশ্ব ক্রিকেটে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে খেলোয়াড় নিয়ে টানাপোড়েন বাড়তে থাকায়, শেহজাদের মন্তব্য আবারও পিএসএল ও আইপিএলের মধ্যে প্রতিযোগিতার বাস্তব চিত্র তুলে ধরল।















