আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সোমবার দেশে ফিরেই চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আইপিএলের প্রস্তুতির জন্য সোমবার তিনি দলের সঙ্গে যোগ দেন। মঙ্গলবার সকালে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করে। সেখানে দেখা যায় জাদেজা ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় চরিত্রের মতো স্টাইলে সিএসকে শিবিরে যোগ দিচ্ছেন। তেলুগু অভিনেতা আল্লু অর্জুনের ‘পুষ্পা’ চরিত্রের অনুকরণ করে জাদেজা জানান, ‘জাড্ডু শুধু নাম নয়, জাড্ডু একটা ব্র্যান্ড!’ এই ভিডিও সামনে আসার পরেই সিএসকে ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে।

 

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাদেজা। পাঁচটি ম্যাচ খেলে ৪.৩৫ ইকোনমি রেটে মোট পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো রানও তাঁর ব্যাট থেকেই আসে। ভারত তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জেতে। উল্লেখ্য, ২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংস তাদের ষষ্ঠ ট্রফির লক্ষ্যে নামছে। ঘরের মাঠে চেন্নাই প্রথম ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপর দ্বিতীয় ম্যাচেও চিপকে ধোনিরা মুখোমুখি হবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এবার সিএসকে দলে ফিরছেন রবিচন্দ্রন অশ্বিনও। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই জাদেজা-অশ্বিন জুটে সিএসকে-র স্পিন বিভাগকে আরও শক্তিশালী করবে।