আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে আটকে থাকায় খেলতে পারেননি অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায়। যদিও না খেলার ফলে জরিমানা হল না পিভি সিন্ধুর। প্রতিযোগিতায় নাম দিয়েও খেলতে না পারার কারণে জরিমানা হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তাঁর শাস্তি মকুব করেছে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা।
এটা ঘটনা, সিন্ধু নিজের ইচ্ছায় প্রতিযোগিতায় নামেননি এমনটা নয়। যুদ্ধের কারণে দুবাইয়ে আটকে পড়েছিলেন তিনি। তাঁর কিছু করার ছিল না। এই পরিস্থিতিতে ৫ লক্ষ টাকা জরিমানা করা হলে তা অন্যায় হত বলে মনে হয়েছে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার। সেই কারণে জরিমানা মকুব করেছে তারা।
আর্থিক জরিমানা থেকে ছাড় পেলেও অন্য সমস্যায় সিন্ধু। এবার সামনে সুইস ওপেন রয়েছে। সুইৎজারল্যান্ডের বাসেলে ১০ থেকে ১৫ মার্চ পর্যন্ত হবে টুর্নামেন্ট। কিন্তু সেখানে খেলতে যেতে হলে দুবাই বিমানবন্দর হয়েই যেতে হবে সিন্ধুকে। এখন যা পরিস্থিতি, তাতে তিনি খেলতে যেতে পারবেন কি না তা চূড়ান্ত নয়।
এটা ঘটনা, ইজরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের ১০ দেশে। ফলে বিভিন্ন দেশের বিমানবন্দর আংশিক বা সম্পূর্ণ বন্ধ। তাই চিন্তা বেড়েছে সিন্ধুর। তাঁর কথায়, ‘সুইস ওপেন তো খেলতে চাইছি। কিন্তু বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। যে কয়েকটা বিমান চলাচল করছে তাতে টিকিট নেই। এই পরিস্থিতিতে দুবাই হয়ে সুইৎজারল্যান্ডে যাওয়ার ঝুঁকিও রয়েছে। দেখা যাক, আগামী কয়েক দিনে পরিস্থিতি কোথায় যায়।’
বার্মিংহ্যামে অল ইংল্যান্ড খেলতে যাওয়ার পথে দুবাইয়ে আটকে পড়েছিলেন সিন্ধু। মঙ্গলবার কোনওরকমে দেশে ফিরেছেন ভারতের হয়ে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী তারকা। দেশে ফেরার কথা মঙ্গলবার সকালে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান সিন্ধু। লেখেন, ‘বেঙ্গালুরুতে নিজের বাড়িতে ফিরেছি এবং সুরক্ষিত আছি।’ তিনি আরও লিখেছিলেন, ‘গত কয়েকটা দিন অত্যন্ত কঠিন ছিল। অনিশ্চয়তার মধ্যে কেটেছে। তবে অবশেষে নিজের ঘরে ফিরতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।’ এরপরই কৃতজ্ঞতার সঙ্গে সিন্ধু লেখেন, ‘দুবাই কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্মী, ইমিগ্রেশন বিভাগ এবং প্রতিটি মানুষ এই কঠিন সময়ে যেভাবে এগিয়ে এসেছেন এবং আমাদের দেখাশোনা করেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। ওঁদের সহানুভূতি এবং পেশাদারিত্ব ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ, তা অত্যন্ত মূল্যবান ছিল।’ সিন্ধু আরও লিখেছেন, ‘আপাতত বিশ্রাম নেব। এখন নিজেকে গুছিয়ে নেওয়ার এবং পরবর্তী পদক্ষেপগুলো ঠিক করার সময়।’
