আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
আইনি জটিলতায় আমিশা
বলিউডের ‘গদর’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল বিগত বেশ কিছু সময় ধরেই অভিনয়ের চেয়ে ব্যক্তিগত ও আইনি বিতর্কের কারণে বেশি শিরোনামে থাকছেন। সম্প্রতি রাঁচির একটি আদালত তাঁর বিরুদ্ধে যে পরোয়ানা জারি করেছে, তা ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে বি-টাউনে। মামলাটি মূলত একটি আর্থিক লেনদেনের ওপর ভিত্তি করে। অভিযোগকারী এক ব্যক্তি দাবি করেছেন, আমিশা এবং তাঁর ব্যবসায়িক অংশীদার ক্রুণাল গ্রোভার তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিলেন একটি ছবি তৈরির জন্য। পরবর্তীকালে সেই টাকা ফেরত দেওয়ার বদলে যে চেকগুলি দেওয়া হয়েছিল, তার মধ্যে ৪.৫ লক্ষ টাকার একটি চেক বাউন্স হয়। এই ঘটনার পর দীর্ঘ সময় ধরে আইনি প্রক্রিয়া চলার পর আমিশার পক্ষ থেকে সন্তোষজনক সাড়া না মেলায় আদালত ক্ষুব্ধ হয়। এর আগেও আমিশাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা এড়িয়ে যান বলে অভিযোগ। এর ফলেই রাঁচির সিভিল কোর্ট শেষ পর্যন্ত জামিন অযোগ্য পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেয়। তবে এই পরোয়ানা জারির পর আমিশার আইনজীবী সচেষ্ট হয়েছেন পরিস্থিতি সামাল দিতে। তাঁর দাবি অনুযায়ী, আদালতের এই নির্দেশের পেছনে কোথাও একটা ভুল বোঝাবুঝি রয়েছে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টি নাকি অনেক আগেই মিটমাট হয়ে গিয়েছে।
চিরঞ্জীবীর অস্ত্রোপচার
কাঁধের একটি ছোট অস্ত্রোপচারের কারণেই এখন হাতে স্লিং পরে থাকতে হচ্ছে তেলুগু 'মেগাস্টার' চিরঞ্জীবীকে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর একটি ছবি দেখে অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে এবার নিজেই এই উদ্বেগ দূর করেছেন চিরঞ্জীবী। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় চিরঞ্জীবীর এক হাত ব্যান্ডেজ বা স্লিং দিয়ে ঝোলানো। প্রিয় অভিনেতার এই অবস্থা দেখে তাঁর অনুরাগীরা রা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, কিংবদন্তি এই অভিনেতার ঠিক কী হয়েছে? তিনি কি বড় কোনও আঘাত পেয়েছেন নাকি শরীর খুব বেশি খারাপ? জল্পনা যখন তুঙ্গে, তখনই বিষয়টি পরিষ্কার করতে সামনে আসেন স্বয়ং মেগাস্টার। চিরঞ্জীবী জানান, দীর্ঘদিন ধরেই তিনি কাঁধের ব্যথায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি তিনি একটি 'শোল্ডার কিহোল সার্জারি' করিয়েছেন। এখন সুস্থ আছেন বলেও জানিয়েছেন অভিনেতা।
হাইকোর্টে 'খামোশ'
শত্রুঘ্ন সিনহার আইকনিক সংলাপ ‘খামোশ’ এখন আইনি লড়াইয়ের মুখে। নিজের এই জনপ্রিয় সংলাপটির যথেচ্ছ অপব্যবহার রুখতে এবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউডের প্রবীণ সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তাঁর দাবি, অনুমতি ছাড়া ব্যবসায়িক স্বার্থে তাঁর নাম, কণ্ঠস্বর এবং এই বিশেষ সংলাপটি ব্যবহার করে তাঁর ব্যক্তিগত অধিকার বা 'পার্সোনালিটি রাইটস' লঙ্ঘন করা হচ্ছে। সম্প্রতি বিনোদন জগতে ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষার প্রবণতা বাড়ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন এই অভিনেতা। তাঁর পক্ষের আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে, একজন শিল্পী দীর্ঘ কয়েক দশকের পরিশ্রমের মাধ্যমে নিজের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন। সেই পরিচিতি বা তাঁর 'সিগনেচার' সংলাপ যদি অন্য কেউ অর্থ উপার্জনের জন্য ব্যবহার করে, তবে তা অনৈতিক।
