আজকাল ওয়েব ডেস্ক: বর্তমানে দুই ধরনের টয়লেট ব্যবহার করা হয়। ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন টয়লেট। আজকাল ধীরে ধীরে ইন্ডিয়ান টয়লেটের ব্যবহার কমছে। অন্যদিকে শহর তো বটেই, এমনকী গ্রামের দিকেও ওয়েস্টার্ন টয়লেট অর্থাৎ কমোডের ব্যবহার অনেক বেড়েছে। আসলে ওয়েস্টার্ন টয়লেটে বয়স্কদের বসতে সুবিধা হয়। বিশেষ করে যাদের হাঁটুর ব্যথা রয়েছে তাঁদের জন্য ওয়েস্টার্ন টয়লেট আরামদায়ক। আধুনিক যুগের কমোডে ফ্লাশ হিসেবে দু'টি বোতাম বা বাটন থাকে। যার ব্যবহার অনেকেই জানেন না! আপনি কখনও ভেবে দেখেছেন কেন টয়লেটের ফ্ল্যাশে দুটি বোতাম বা বাটন রয়েছে? এই দুই আলাদা আলাদা বোতামের কাজই বা কী?
আগে সাধারণত কমোডের ফ্লাশে ছিল এক ধরণের টানা দড়ি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়া লেগেছে টয়লেটেও। কমোডের হ্যান্ডেল থেকে চলে এসেছে দুটি বাটন। আজকের যুগে বেশিরভাগ আধুনিক কমোডে ফ্লাশ হিসেবে দু'টি বোতাম থাকে।
আসলে জনসংখ্যার ক্রমবর্ধমান হারের কারণে দিন দিন বাড়ছে জলের চাহিদা। এদিকে বাড়তি জলের চাহিদা যোগানে কমছে ব্যবহার্য জলের পরিমাণ। তাই শৌচকার্যে জলের অপচয় রোধ করতেই কমোডের ফ্লাশে দুটি বোতামের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ জল অপচয় আটকানোর জন্যই এই দুই বাটনের পরিকল্পনা করা হয়েছে।
লক্ষ্য করে দেখবেন, এক্ষেত্রে দুটি বোতামের মধ্যে একটি বোতাম থাকে বড়। এই ফ্লাশ থেকে একবারে ৫-৭ লিটার জল বেরিয়ে আসে। যেখানে ছোট বোতাম টিপলে মাত্র ৩ থেকে ৪ লিটার জলে কমোডে যায়। শুধু তাই নয়, তরল বর্জ্যের জন্য ছোট বোতামটি ব্যবহার করতে হয়। আর কঠিন বর্জ্যের জন্য বড় বোতমটি। ফলে বড় কোনও প্রয়োজন ছাড়া বড় ফ্লাশটি ব্যবহার না করে অনায়াসেই কমাতে পারেন জলের অপচয়। যদিও অনেকেই এখনও কমোডের দুটি বোতামের ব্যবহার জানেন না। ফলে দুটি ফ্লাশ একসঙ্গে ব্যবহার করায় ট্যাঙ্ক খালি হয়ে যায়। একইসঙ্গে কমোডের ফ্ল্যাশের ব্যবস্থা খারাপ হতেও দেখা যায়।
















