মধ্যরাতে ফোন করার মানুষ আছে না নেই, এই নেই বিস্তর আলোচনা চলে। রাতের আলোচনার গভীরতাও বেশি হয়। কিন্তু কখনও ভেবেছেন কেন? 

এই ব্যস্ত জীবনে সকালের ইঁদুর দৌড়ের মাঝে নিজেদের জন্য সেই অর্থে সময় পাওয়া যায় না। আর এ মাঝেই বর্তমানে জনপ্রিয় হচ্ছে মিডনাইট টি থিওরি। কিন্তু বিষয়টা কী? 

মিডনাইট টি থিওরি মানে মধ্যরাতে বা রাত ১-২ টো নাগাদ কাছের মানুষের সঙ্গে কথা বলা। মনের কথা আলোচনা করা। কেন? কারণ মধ্যরাতে মানুষ তাঁর সামাজিক মুখোশ ছেড়ে ফেলে। কথোপকথনের মধ্যে কোনও আড়াল, রাখঢাক থাকে না। খাঁটি এবং সত্য কথা আলোচনা হয়। সেটা এক কাপ চা বা কফি খেতে খেতে হোক বা ফোনে। আর এই সময় কথা বললে অনেক সময় অনেক অজানা কথা, মনের ইচ্ছে, অনুভূতি প্রকাশ পেয়ে যায়, যা অন্য সময় হয় না। 

এই থিওরির নাম যতই মিডনাইট টি থিওরি হোক, বিশেষজ্ঞদের মতে, এখানে পানীয় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল সময়। কী কী উপকার পাওয়া যায়, আর কেনই বা আলাদা জেনে নিন। 

মধ্যরাতে মস্তিষ্ক ক্লান্ত থাকে। সেই সময় সামাজিক মুখোশ সে পরে থাকতে পারে না। ফলে সৎ কথোপকথন হয়। 

আশেপাশে শব্দ, মানুষের আনাগোনা কম থাকে। ফলে শান্ত পরিবেশে নিশ্চিন্তে, নির্বিঘ্নে মনের কথা বলা যায়। 
এই শান্ত পরিবেশে মানুষ নিজের ভয়, অনুভূতির কথা অকপটে কাছের মানুষের সঙ্গে ভাগ করে নেয়। কথা বলে স্বপ্ন নিয়ে। 

অনেকে মনে করেন মধ্যরাতে আলোচনার সময় যদি সঙ্গে চা থাকে তাহলে সেটা আরও ভাল হয়। চায়ের স্বাদও নাকি ভাল লাগে। যদিও অধিকাংশ বিশেষজ্ঞদের মতে, এর কোনও প্রমাণ নেই। ভিত্তি নেই। এটা স্রেফ একটা ধারণা। মুড ভাল থাকে বলে চায়ের স্বাদও ভাল লাগে। আসলে মন শান্ত থাকলে, পরিবেশ শান্ত থাকলে চা খেতে ভাল লাগে। 

নেটিজেনরা সমাজমাধ্যমে জানিয়েছেন, মধ্যরাতে আলোচনার কারণে পুরনো বন্ধুত্ব নতুন করে প্রাণ পেয়েছে, গাঢ় হয়েছে। জীবনের সিদ্ধান্ত অনেক সহজে এবং সঠিক নেওয়া যায়। মানুষের সঙ্গে অনুভূতির বন্ধন আরও দৃঢ় হয়। 

তবে এর কি কোনও খারাপ দিক নেই? অবশ্যই আছে। মধ্যরাত পর্যন্ত জেগে থাকলে ঘুম পুরো হয় না। এতে সকালে ক্লান্ত লাগতে পারে। মুড বিগড়ে যেতে পারে। তাতে সমস্যা আরও বাড়বে।